বাংলাদেশ ফুটবল লিগ
লিগের ছয় ম্যাচে ৩২ গোল

সংগৃহীত ছবি
বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ড যেন পরিণত হয়েছিল গোল উৎসবে। ছয় ম্যাচে হয়েছে ৩২ গোল। আগের দিন চার ম্যাচে হয়েছিল ১৮ গোল। শনিবার দুই ম্যাচেই হয়েছে আরও ১৪ গোল। মুন্সিগঞ্জে সুলেমান দিয়াবাতের হ্যাটট্রিকে মোহামেডান আরামবাগকে হারিয়েছে ৬-০ গোলে। ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ এফসি ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে হারিয়েছে আরও বড়, ৮-০ ব্যবধানে। পুলিশের হয়ে হ্যাটট্রিক করেছেন সেনেগালিজ স্ট্রাইকার রাসুল বা।
প্রথম ম্যাচে ফকিরেরপুলকে ১-০ গোলে হারিয়ে লিগের অভিযান শুরু করেছিল মোহামেডান। আরামবাগের বিপক্ষে এই ম্যাচটি হওয়ার কথা ছিল শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। তবে কুমিল্লা শিক্ষা বোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কারণে সে মাঠে খেলা সম্ভব হয়নি। একদিন পিছিয়ে মুন্সিগঞ্জে এই ম্যাচে খেলতে নেমেই প্রিয়া সাদা-কালো জার্সিতে আরেকবার বিস্ফোরিত হন গত মৌসুমে আবাহনীতে খেলা সুলেমান দিয়াবাতে। এর আগে অবশ্য টানা ছয় মৌসুম মোহামেডানের হয়ে খেলেছিলেন মালির এই ফরোয়ার্ড।
শনিবার মোহামেডানের হয়ে প্রথম তিন গোলই করেছেন দিয়াবাতে। যার দুটি ৩৬ ও ৩৯ মিনিটে। দুটি গোলের বলের যোগানে ছিলেন শাহরিয়ার ইমন। বিরতি থেকে ফিরে ৪৮ মিনিটে আরিফ হোসেনের পাস থেকে হ্যাটট্রিক পূরণ করেন দিয়াবাতে। তার হ্যাটট্রিকেই আসলে আরামবাগের প্রতিরোধ সব শেষ হয়ে যায়। ৫১ মিনিটে শাহরিয়ার ইমন মোহামেডানের চতুর্থ গোল করেন। ৬৭ মিনিটে গোলৎসবে যোগ দেন মোহাম্মদ রাকিব। আর বদলী নেমে ফর্মের প্রমাণ রেখে গোলের দেখা পান সৌরভ দেওয়ান।
ময়মনসিংহে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে পুলিশ। রহমতগঞ্জ ও চট্টগ্রাম সিটি এফসিকে হারানোর পর শনিবার তারা বড় ব্যবধানে হারিয়েছে ফকিরেপুলকে। মানিক মোল্লা ১৬ মিনিটে পুলিশের গোলের খাতা খোলার পর ডিএম বাবলু জোড়া গোল করেন। ৩ গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া পুলিশ আরও আট গোল করেছে দ্বিতীয়ার্ধে। রাব্বি হোসেন রাহুল চতুর্থ গোল করার পর রাসুল বা টানা তিন গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। শেষ মুহূর্তে পুলিশের হয়ে শেষ গোল করেন ফয়সাল আরমান আকাশ।
তৃতীয় রাউন্ড শেষে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পুলিশ। ফর্টিস ও সিটি ক্লাব সমান সাত পয়েন্ট করে নিয়ে আছে যথাক্রমে দুই ও তিনে। চারে থাকা মোহামেডানের দুই ম্যাচ থেকে সংগ্রহ ছয়। এরপর আছে বসুন্ধরা কিংস ও আবাহনী, দু’দলেরই সংগ্রহ দুই ম্যাচ থেকে সমান চার। ১৩ দলের লিগে তৃতীয় রাউন্ড শেষে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি ঢাকা ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম।



