বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় ৭ আর্জেন্টাইন

সংগৃহীত ছবি
প্রথম দুই ম্যাচ জিতে আগেই নকআউট পর্বে পা রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত হয়েছে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর। জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচে তাই নির্ভার হয়েই মাঠে নামবেন লিওনেল মেসিরা। এই ম্যাচেই বিশ্বকাপের মঞ্চে ৭ জন ফুটবলারের অভিষেক হতে পারে আকাশী নিল জার্সিতে।
শনিবার রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে হতে যাওয়া জর্ডানের বিপক্ষে ম্যাচে কোচ লিওনেল স্কালোনি আর্জেন্টিনা একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন। সেক্ষেত্রে এখনো বিশ্বকাপে মাঠে না নামা সাতজন ফুটবলারের মধ্যে কয়েকজনের অভিষেক দেখা যেতে পারে।
গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের শুরু থেকেই খেলছেন। তাকে বিশ্রাম দিলে সুযোগ পেতে পারেন জেরোনিমো রুলি কিংবা হুয়ান মুসো। দুজনের কেউই এখনো বিশ্বকাপের ম্যাচে মাঠে নামার স্বাদ পাননি। তবে জানা গেছে, এমি শুরুর একাদশেই থাকছেন।
রক্ষণভাগে ক্রিস্তিয়ান রোমেরো ডান হাঁটুর চোটের কারণে জর্ডানের বিপক্ষে খেলতে পারবেন না। নিকোলাস ওতামেন্দির খেলা প্রায় নিশ্চিত হলেও স্কালোনি তাকে বিশ্রামে রাখতে পারেন। রক্ষণে তাই সুযোগ আসতে পারে মার্কোস সেনেসির সামনে।
মিডফিল্ডে এখনো বিশ্বকাপে মাঠে নামেননি জিওভানি লে সেলসো। জর্ডানের বিপক্ষে হতে পারে তার বিশ্বকাপ অভিষেক। মাঠে নামতে পারেন ভ্যালেন্তিন বারকোও।
স্কালোনি পরের ম্যাচে মাঠে নামাতে পারেন জুলিয়ানো সিমিওনে ও হোসে লোপেসকে।
এদিকে মেসি বিশ্রামে থাকবেন কিনা, সে নিয়ে চলছিল আলোচনা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম বলছে, মেসি জর্ডানের বিপক্ষেও প্রথম একাদশে থাকছেন।




