কোনের পা ভেঙে পাঁচ ম্যাচ নিষিদ্ধ মাদিবো

সংগৃহীত ছবি
কানাডার ইসমাইল কোনেকে ভয়াবহ চোট দেওয়ার ঘটনায় কাতারের মিডফিল্ডার আসিম মাদিবোকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফার শৃঙ্খলা কমিটি। গুরুতর ফাউলের অভিযোগে আরোপিত এই শাস্তির বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।
গত সপ্তাহে ভ্যাংকুভারে কানাডার বিপক্ষে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচে ২৯ বছর বয়সী মাদিবো লাল কার্ড পান। তার ফাউলে কোনের বাম পায়ের টিবিয়া ও ফিবুলা দুটি হাড়ই ভেঙে যায়। ম্যাচের পরপরই অস্ত্রোপচার করাতে হয় সাসুওলোর এই মিডফিল্ডারকে। বাকি টুর্নামেন্টও মিস করতে হবে ২৪ বছর বয়সী এই খেলোয়াড়কে। হাসপাতালে কোনেকে দেখতে গিয়েছিলেন মাদিবো নিজেও।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। তবে ম্যাচ হেরেও রানার্সআপ হয়েছে কানাডা। তাদের পয়েন্ট বসনিয়ার সমান ৪।
মুখোমুখি লড়াইয়ে ১-১ গোলে ড্র করেছিল কানাডা ও বসনিয়া। গোল ব্যবধানে এগিয়ে থাকায় রানার্সআপ হয়ে নকআউটে কানাডা। এবারই প্রথমবার বিশ্বকাপের নকআউটের টিকিট পেল তারা। তবে বসনিয়ার আশাও শেষ হয়ে যায়নি। সেরা তৃতীয় ৮ দলের একটি হয়ে শেষ ৩২-এ যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাদের।




