ব্রাজিলের রেকর্ড ভেঙ্গে আর্জেন্টিনায় মুগ্ধ ডাচরা

সংগৃহীত ছবি
ফিফা বিশ্বকাপে গ্রুপ এফ-এর দ্বিতীয় ম্যাচে সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে ডাচরা।
ম্যাচে ব্রায়ান ব্রোব্বে মাত্র ১৬ মিনিট ১২ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে বিশ্বকাপে কোনো ডাচ খেলোয়াড়ের সবচেয়ে দ্রুততম ব্রেসের রেকর্ড গড়েন। দ্বিতীয়ার্ধে কোডি গাকপো আরও দুটি গোল যোগ করেন এবং ৮৯তম মিনিটে ক্রিসেনসিও সামারভিলের গোলে নেদারল্যান্ডসের বিশাল জয় নিশ্চিত হয়।
পেনাল্টি শুটআউট বাদ দিয়ে হিসাব করলে বিশ্বকাপে টানা ১৪টি ম্যাচ অপরাজিত থেকে নতুন রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস। এই ধারায় তারা নয়টি জয় ও পাঁচটি ড্র করেছে। এর আগে ১৯৫৮ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত টানা ১৩ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ডটি ধরে রেখেছিল ব্রাজিল।
বিশ্বকাপে (পেনাল্টি শুটআউট বাদে) নেদারল্যান্ডসের সর্বশেষ পরাজয় এসেছিল ২০১০ সালের ফাইনালে, যেখানে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের।
এরপর ২০১৪ বিশ্বকাপে তারা তৃতীয় স্থান অর্জন করে, যেখানে সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি শুটআউটেই বিদায় নিতে হয়েছিল। ২০১৮ বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় ডাচরা। ২০২২ সালে কাতারে কোয়ার্টার ফাইনালে আবারও আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি শুটআউটেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস।
অপটা স্ট্যাটসের তথ্য অনুযায়ী, সুইডেনের বিপক্ষে এই জয়ে বিশ্বকাপের গ্রুপপর্বে সবচেয়ে দীর্ঘ অপরাজিত থাকার রেকর্ডও নিজেদের করে নিয়েছে নেদারল্যান্ডস। গ্রুপপর্বে তাদের সর্বশেষ পরাজয় ছিল ১৯৯৪ বিশ্বকাপে, যেখানে ২৫ জুন অরল্যান্ডোর সিট্রাস বোলে বেলজিয়ামের কাছে হেরেছিল ডাচরা।
টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই ২য় রাউন্ড নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। এবারের বিশ্বকাপে সব দলই ভালো করছে বলে জানিয়েছেন ডাচ অধিনায়ক ফন ডাইক। তবে আর্জেন্টিনার পারফরম্যান্স তাকে বেশি মুগ্ধ করেছে, ‘আমি সব ম্যাচই দেখছি। আর্জেন্টিনা যেভাবে বিশ্বকাপ শুরু করেছে, তা দেখায় যে তারা সত্যিই তাদের শিরোপা ধরে রাখতে চায়। কোনো ম্যাচই সহজ নয়, তবে আর্জেন্টিনা এটাকে অনেক সহজ বানিয়ে ফেলেছে।’




