বিশ্বকাপ
চোটে বিশ্বকাপ শেষ, অবসরে জাপান অধিনায়ক

সংগৃহীত ছবি
বিশ্বকাপের আগে থেকেই ইনজুরিতে জর্জর জাপান। মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এলো নতুন এক ইনজুরি দুঃসংবাদ। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের অধিনায়ক ওয়াতারু এন্দো। শুধু তাই নয়, আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় বলেছেন তিনি।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের তিন দিন আগে এমন সিদ্ধান্ত জানালেন এন্দো। পায়ের চোট থেকে সেরে না ওঠায় স্বেচ্ছায় স্কোয়াড থেকে সরে গেছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। বিশ্বকাপ স্কোয়াডে তার স্থলাভিষিক্ত হয়েছেন বরুসিয়া মনশেনগ্লাডবাখের শুতো মাচিনো। এবারের বিশ্বকাপে এন্দোর পরিবর্তে জাপান দলকে নেতৃত্ব দেবেন ডিফেন্ডার কো ইতাকুরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এন্দো জানিয়েছেন, বিশ্বকাপে খেলতে না পারায় হতাশ তিনি। তবে তার দল এই আসরে ভালো করবে বলে বিশ্বাস করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এন্দো লিখেছেন, ‘ভবিষ্যতে এমন একটা সময় নিশ্চিতভাবেই আসবে, যখন জাপান বিশ্বকাপ জিতবে। তাই আসুন আমরা সেই বিশ্বাস রাখি এবং দলকে সমর্থন জোগাই। আসুন আমরা জাপানের সব শক্তি এক সুতায় বাঁধি, যেন উত্তর আমেরিকার এই টুর্নামেন্টেই সেই মাহেন্দ্রক্ষণ চলে আসে।’
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে এন্দো লিখেছেন, ‘আমি জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে সাধারণ একজন সমর্থক হিসেবে আমি জাপানকে সমর্থন করে যাব।’
গত ফেব্রুয়ারিতে লিভারপুলের হয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে খেলার সময় পায়ে চোট পান এন্দো, এরপর মৌসুমের বাকি সময় খেলতে পারেননি। গত ৩১ মে টোকিওতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জাপানের জার্সিতে তিনি মাঠে ফেরেন।
মেক্সিকোতে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে দলের সঙ্গে থাকলেও এন্দো অস্বস্তি বোধ করছিলেন। সেখানে মূল অনুশীলনের কোনো সেশনেই তিনি অংশ নেননি। গত সোমবার জাপান দল বিশ্বকাপে তাদের বেজক্যাম্প ন্যাশভিলে পৌঁছানোর পর অনুশীলনে যোগ দিয়েছিলেন এন্দো। তবে টুর্নামেন্টের গতি ও তীব্রতার সঙ্গে মানিয়ে নেওয়ার মতো পুরোপুরি ফিট হতে পারেননি।
এন্দো বলেন, ‘চোট পাওয়ার পর থেকে ফিট হতে আমি সাধ্যমতো সবকিছুই করেছি, তাই আমার কোনো অনুশোচনা নেই। অবশ্যই এই বিশ্বকাপে খেলতে না পারায় আমি হতাশ। তবে তার চেয়েও বড় কথা, কাতার বিশ্বকাপের পর থেকে এই দলটিকে নেতৃত্ব দিতে পেরে এবং দলটিকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করতে পেরে আমি গর্বিত, যেখানে আমাদের লক্ষ্য যে বিশ্বকাপ জয়—সেটি বুক ফুলিয়ে বলা যায়।’
২০১৫ সালে জাপানের হয়ে অভিষেক হয় এন্দোর। দেশের হয়ে ৭৩ ম্যাচে ৪ গোল করেছেন তিনি। এন্দো ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে জাপান দলে ছিলেন।




