বিশ্বকাপ মাতাচ্ছে হলান্ডদের ‘নৌকাবাইচ’ উদ্যাপন

সংগৃহীত ছবি
বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে উত্তর আমেরিকা। বোস্টনের বারগুলোয় স্কটিশ সমর্থকদের বিয়ার পানের ধুম লেগেছে। ওদিকে নিউ ইয়র্কের রাজপথে ঝড় তুলেছে নরওয়েজিয়ানদের ‘ভাইকিং রো’ বা প্রতীকী নৌকাবাইচ উদ্যাপন। নরওয়ের খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের এই বিশেষ সমন্বিত উদ্যাপন সামাজিক যোগাযোগমাধ্যমে এখন রীতিমতো ভাইরাল। গত সোমবার রাতে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারায় নরওয়ে। ম্যাচ শেষে গ্যালারির ফুটবল ভক্তদের সঙ্গে উদ্যাপনে যোগ দেন আর্লিং হলান্ডরাও। মাঠের ঘাসের ওপর সারিবদ্ধভাবে বসে পড়েন নরওয়ের ফুটবলাররা। এক সতীর্থ ড্রামে তাল তুলছিলেন, অন্যরা তখন একযোগে হাত পেছনে টেনে দাঁড় টানার অভিনয় করছিলেন। একই সঙ্গে পুরো স্টেডিয়ামের হাজার হাজার সমর্থক তাদের ভাষায় ‘রো’ বলে গর্জে ওঠেন, যার অর্থ ‘দাঁড় টানো’।
এই উদ্যাপনে ফুটবলারদের সঙ্গে হাজারো সমর্থক একসঙ্গে বসে ভাইকিং জাহাজের দাঁড় টানার মতো করে শরীর দুলিয়ে যান। স্টেডিয়ামের গ্যালারি ছাপিয়ে আমেরিকার এসকেলেটর, নিউ ইয়র্ক সিটির সাবওয়ে স্টেশন, এমনকি খোদ টাইমস স্কয়ারের বুকেও দেখা গেছে নরওয়েজিয়ানদের এই অভিনব ‘নৌকাবাইচ’ উদ্যাপন। এই উদ্যাপন কতটা আলোড়ন তৈরি করেছে, তার প্রমাণ মিলেছে গত মঙ্গলবার। নরওয়ের একদল ফুটবল সমর্থক সরাসরি আমেরিকার জনপ্রিয় টিভি শো ‘গুড মর্নিং আমেরিকা’র স্টুডিওতে হাজির হন। সেখানে লাইভ অনুষ্ঠানে তারা নরওয়ের ঐতিহ্যবাহী এই ভাইকিং চ্যান্ট ও নৌকাবাইচ উদ্যাপনের প্রদর্শনী করেন, যা এখন নেট দুনিয়ায় তুমুল জনপ্রিয়।
ইরাককে ৪-১ এবং সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে এরই মধ্যে গ্রুপ ‘আই’ থেকে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে নরওয়ে। ২৬ জুন বোস্টনে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার হাইভোল্টেজ লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের মুখোমুখি হবে আর্লিং হলান্ডরা। মাঠের সেই লড়াইয়ের আগে মাঠের বাইরে ঝড় তুলেছে ভাইকিংরা










