রোমেরো
ব্যালন ডি’অর এখন মার্কেটিংয়ের কৌশল

সংগৃহীত ছবি
৮ গোল ও ৪ অ্যাসিস্টে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হতে পারতেন লিওনেল মেসি। তবে কোন গোল বা অ্যাসিস্ট না করেও সেরা হয়েছেন স্পেনের রোদ্রি।
ব্যালন ডি'অরে অবশ্য এর প্রভাব নেই। মৌসুম জুড়ে ৭৩ গোলের পাশাপাশি ৩ শিরোপা জিতে মর্যাদার পুরস্কারটা জিতেছেন হ্যারি কেইন। তবে আর্জেন্টাইন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো মনে করেন, পুরস্কারটা পাওয়া উচিত ছিল মেসির।
`লস এদুল’-কে দেওয়া সাক্ষাৎকারে রোমেরো বললেন,‘আজকাল এই পুরস্কারটি কিছুটা মার্কেটিংয়ের কৌশল হয়ে দাঁড়িয়েছে। যার ইনস্টাগ্রামে বেশি ফলোয়ার, সম্ভবত তাকেই এটি দেওয়া হবে। আগে আপনি গ্যালারিতে বসে কোনো ম্যাচ দেখলে এবং লিওনেল মেসি যা করত তা দেখলেই বুঝতে পারতেন- তার সঙ্গে কারও তুলনা চলে না। এ কারণেই মেসি সর্বকালের সেরা।’
কেইন নন মেসিরই ব্যালন ডি’অর পাওয়া উচিত ছিল বলেও জানালেন রোমেরো,‘এখন এমন একটি ধারণা সৃষ্টি করা হয়েছে, যে চ্যাম্পিয়নস লিগ বা বিশ্বকাপ জেতে, তারই এটি পাওয়া উচিত। কিন্তু মেসি যা করে, তা আমি অন্য কাউকে করতে দেখিনি। মেসিকেই আমি ব্যালন ডি’অর দেব যদিও এটি সম্ভব নয়, তবুও আমি তাকেই দেব।’
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সব গুজব উড়িয়ে দিলেন রোমেরো,‘ফাইনালে কিছুই ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এমন এক জায়গা যেখানে আপনি বোকামি ভরা কিছু পোস্ট করতে পারেন। তা মুহূর্তে ভাইরালও হয়ে যায়। স্পেন সঠিক কাজগুলোই করেছে, আর যোগ্য দল হিসেবে শিরোপা জিতেছে। আমরা কোনো রকমে টিকে ছিলাম। জানি না একে অলৌকিক কিছু বলা ঠিক হবে কি না, তবে পুরো বিশ্বকাপটাই আমাদের জন্য শারীরিকভাবে বেশ কঠিন ছিল। আমার মতো আমাদের অনেকেই কোনো রকমে টিকে ছিল (চোটের ধকল কাটিয়ে)।’




