স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে
ব্যালন ডি’ অর একজন স্প্যানিশ ফুটবলারের জেতা উচিত

সংগৃহীত ছবি
এবারের ব্যালন ডি’অর জিতবেন একজন স্প্যানিশ ফুটবলার—এমনটাই মনে করেন স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, সাম্প্রতিক সময়ে স্প্যানিশ ফুটবলাররা যে পারফরম্যান্স দেখিয়েছেন তাতে সেই দেশের কোনো এক তারকার হাতেই উঠতে পারে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি।
আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী। এর আগে স্পেনের একটি টেলিভিশন অনুষ্ঠানে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমার মনে হয় ব্যালন ডি’ অর একজন স্প্যানিশ ফুটবলারের জেতা উচিত। কারণ অনেক দিক থেকেই তারা বিশ্বের সেরা। বিশেষ করে খেলা বোঝার ক্ষেত্রে। একজন স্প্যানিশ ফুটবলার প্রায় নিখুঁত একজন খেলোয়াড়। এ বছরও তারা যথেষ্ট যোগ্যতা দেখিয়েছে। কিন্তু মনে হচ্ছে আমাদের খেলোয়াড়দের সেই স্বীকৃতি দেওয়া কঠিন হয়ে যাচ্ছে।’
ব্যালন ডি’অর নিয়ে লামিন ইয়ামালের আত্মবিশ্বাসী মন্তব্যের পক্ষেও কথা বলেছেন দে লা ফুয়েন্তে। সম্প্রতি নিজেকে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বর্তমান সময়ের সেরা খেলোয়াড়দের কাতারে রেখেছেন বার্সেলোনার তরুণ তারকা।
ইয়ামালের এমন আত্মবিশ্বাসকে অহংকার হিসেবে দেখছেন না দে লা ফুয়েন্তে, ‘কোন প্রেক্ষাপটে কথাটি বলা হয়েছে সেটি দেখতে হবে। আমার মনে হয়, লামিন যথেষ্ট যোগ্যতা অর্জন করেছে বলেই এমনটা বলেছে। যেমনটা এমবাপ্পেও করেছে। দুজনই ভিন্ন ধরনের খেলোয়াড় এবং অন্যদের প্রতি সম্মান রেখেই বলছি, আগামী বছরগুলোতে তারা ফুটবলকে প্রভাবিত করবে। ব্যালন ডি’অর জয়ের মতো যোগ্যতা অর্জন করেছে—এ কথা বলায় আমি অসম্মানের কিছু দেখি না।’
তবে এমবাপ্পে ও ইয়ামালের মতো তারকাদের আলোচনার বাইরে স্পেনের আরও কয়েকজন খেলোয়াড়কে মনে করিয়ে দিয়েছেন দে লা ফুয়েন্তে। বিশেষ করে পিএসজির মিডফিল্ডার ফাবিয়ান রুইজের কথা উল্লেখ করেছেন তিনি। স্পেনের হয়ে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স করেও রুইজ যথেষ্ট স্বীকৃতি পাচ্ছেন না বলে মনে করেন কোচ।
এ ছাড়া মিকেল ওয়ারসাবাল ও পেদ্রির ব্যালন ডি’অর তালিকায় না থাকায় অবাক হয়েছেন দে লা ফুয়েন্তে, ‘আমরা সব সময় ফাবিয়ানকে ভুলে যাই। কয়েক দিন আগেও বলেছিলাম মিকেল ওয়ারসাবালকে অন্তত সেরা ৩০ জনের মধ্যে থাকা উচিত ছিল। সে দারুণ একজন খেলোয়াড় এবং বিশ্বচ্যাম্পিয়ন জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতাও ছিল। পেদ্রি তালিকায় না থাকায়ও আমি অবাক হয়েছি।’
তবে শেষ পর্যন্ত স্প্যানিশদের মধ্য থেকে নির্দিষ্ট কাউকে এগিয়ে রাখতে চাননি দে লা ফুয়েন্তে, ‘তালিকায় থাকা স্প্যানিশ ফুটবলারদের মধ্যে যে-ই জিতুক আমি খুব খুশি হব।’



