প্রবাসীদের নিয়ে ইংল্যান্ডে ক্যাম্প ও টুর্নামেন্ট!

ছবি: বাফুফে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বসেছে এক অদৃশ্য প্রবাসী কল্যাণ ডেস্ক। সহসভাপতি ফাহাদ করিম ব্যস্ত কয়েক দিন পরপর বংশোদ্ভূত ফুটবলারদের নতুন নতুন খবর দিতে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও বিনিয়োগহীন রেডিমেড প্রতিভায় সাফল্য খোঁজার ফন্দি আঁটতে শুরু করেছেন। সম্প্রতি ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে জাতীয় দলের লেজেগোবরে পারফরম্যান্সের ময়নাতদন্ত তাদের অগ্রাধিকারে নেই! বরং ফুটবলকে সাফল্যের মহাসড়কে তুলতে তারা সীমানা ছাড়িয়ে চোখ রাখছে সুদূর যুক্তরাজ্যে!
সম্প্রতি যুক্তরাজ্য থেকে একটি প্রতিনিধিদল এসেছে লোভনীয় প্রস্তাব নিয়ে। বিশাল অঙ্কের বিনিয়োগের লোভ দেখিয়েছেন এ দেশের ফুটবল কর্তাদের। তাতেই তাবিথরা দেখতে শুরু করেছেন আকাশকুসুম স্বপ্ন। যুক্তরাজ্যসহ ইউরোপ থেকে ঝাঁকে ঝাঁকে বংশোদ্ভূত ফুটবলার কারেন্ট জালে অাটকে ফেলার ফন্দি আঁটছেন তারা। তাতেই ফুটবল জাতে উঠে যাবে যেন। বিনা চেষ্টায়, বিনা বিনিয়োগে, বিনা শ্রমে যদি মিলে যায় ফুটবল প্রতিভা, খুলে যায় সাফল্যের দরজা, তবে কী দরকার ঘরের ফুটবলে মনোযোগ দেওয়ার!
গত রবিবার সন্ধ্যায় ঢাকার একপ্রান্তের এক রিসোর্টে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি সভায় বসেছিল। এ কমিটি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের দখলে। আসিয়ান কাপের তিন ম্যাচে বাজেভাবে হেরে ফেরা, সাফের আগে দলের মনোবল ফিরিয়ে আনা, উচ্ছৃঙ্খল ফুটবলারদের বিরুদ্ধে ওঠা নাইট ক্লাবে নারীসঙ্গ নেওয়ার গুরুতর অভিযোগ খতিয়ে দেখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই এ সভায় তোলপাড় হওয়ার কথা। সেরকম একটা ইঙ্গিত আগের দিন দিয়েছিলেন সেই রিসোর্টের মালিক ফর্টিস এফসির কর্ণধার ও জাতীয় দল কমিটির সদস্য শাহাদাত হোসেন। অথচ সভা শেষে তাবিথ সেসব গুরুত্বপূর্ণ এজেন্ডার চেয়ে যুক্তরাজ্যে প্রবাসীদের জন্য বছরে দুটি ক্যাম্প আয়োজন নিয়ে বেশি কথা বললেন।
আসিয়ান কাপ ব্যর্থতায় ফুটবল নিয়ে যখন যায় যায় রব উঠেছে, ঘরের মাঠে আসন্ন সাফে পরিণতি নিয়েও যখন ভক্তরা শঙ্কিত, তখন লুকিয়ে লুকিয়ে কর্তারা চেয়েছিলেন সভা করতে। এ সভার কথা আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমে জানানোরই প্রয়োজন মনে করেননি তারা। তারপরও সভার খবর চাউর হলে হাজির হয় বেশ কিছু সংবাদমাধ্যম। অগত্যা সভা শেষে তাবিথকেও বলতে হয় কথা, ‘সব কথা তো আর বলতে চাই না, কিছু জিনিস গোপন রাখতে চাই। আমরা ন্যাশনাল টিমস কমিটি এখানে আহ্বান জানিয়েছিলাম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানসহ কিছু প্রতিনিধি ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানসহ কিছু প্রতিনিধিকে। আমরা মনে করেছি, জাতীয় দলকে শক্তিশালী করার জন্য এ দুই কমিটির সহযোগিতা লাগবে। সভায় আসিয়ান কাপের খেলাগুলো বিশ্লেষণ করেছি। ভবিষ্যতে কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্ট স্টাফদের প্রতিবেদন পেলে আগামী সভায় আমরা সেগুলো বিশ্লেষণ করে বিস্তৃতভাবে আলোচনা করব। একই সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য যা যা করণীয়, ম্যানেজমেন্ট থেকে আমরা সেটা শুনেছি এবং নির্দেশনা দিয়েছি।’
এরপরই প্রিয় প্রবাসী প্রসঙ্গে চলে এলেন বাফুফে সভাপতি, ‘ভবিষ্যতের জন্য আমরা চেষ্টা করছি ইউকেতে ১৪ থেকে ১৭ বছর বয়স পর্যন্ত প্রতি বছর যারা প্রবাসী আছে, তাদের সহযোগিতায় দুটি করে ক্যাম্প এবং টুর্নামেন্ট করব, যেখানে ব্রিটিশ বাংলাদেশিরা খেলতে পারে। আমরা মনে করি, সেই ক্যাম্প আর টুর্নামেন্ট করলে ভবিষ্যতের জন্য একটা স্ট্রং ইউকে-বেসড বাংলাদেশি প্রবাসী দল আমরা পাব। ১৪ থেকে ১৭ বছরের স্কাউটিংও হবে এবং আমরা চিহ্নিত করতে পারব যে, ভবিষ্যতে কারা আমাদের জাতীয় দলকে আরও শক্তিশালী করতে পারবে।’
বাফুফের দায়িত্ব নেওয়ার পর জেলা ফুটবলে গুরুত্ব দেয়নি এই কমিটি। বরং তাদের সব আগ্রহই ছিল প্রবাসী অনুসন্ধানে। জাতীয় দলের ক্যাম্পে পর্যন্ত অনামি-অচেনা-আনকোরা প্রবাসীদের সুযোগ দিয়েছে। এক-দুদিন দেখে তাদের হাতে শুধু জার্সিই তুলে নেওয়া হয়নি, দেওয়া হয়েছে খেলারও সুযোগ। অথচ পেশাদার লিগকে মানসম্মত করায় তাদের দৃষ্টি ছিল না। বিলম্বে শুরু হওয়া লিগ তাই হচ্ছে নিম্নমানের মাঠে। বারবার সে লিগে নামছে শিডিউল বিপর্যয়। ক্লাবের দাবির সামনে থমকে যাচ্ছে খেলা।
তাবিথের দাবি, এসব কিছু নিয়েই কথা হয়েছে এবং সাফ সামনে রেখে নিম্নমানের মাঠে খেলে ফুটবলাররা যাতে চোটে না পড়েন, সেটা নিশ্চিতে কিছু করণীয়ও ঠিক করা হয়েছে। তবে সেগুলো সবিস্তারে জানাননি।
আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯-০ গোলে হারার পর রাতে দলের দুই ফুটবলার সাদউদ্দিন ও সোহেল রানা জুনিয়রের জাকার্তার একটি নাইট ক্লাবে নারী পরিবেষ্টিত ছবি ভাইরাল হয়। তাবিথ জানিয়েছেন, ফুটবলারদের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের তদন্ত তিনি নিজে করবেন, ‘আসিয়ান কাপে কিছু প্লেয়ারের নামে অভিযোগ এসেছে, ফেসবুকেও ছবি এসেছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমি ব্যক্তিগতভাবে এ ইস্যুটা খতিয়ে দেখব, প্লেয়ারদের সঙ্গে আমি বসব এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য সেটা কমিটিকে অবহিত করব। এর আগে অনেক প্লেয়ারের বিরুদ্ধে টাঙ্গাইলে খেপ খেলার অভিযোগ এসেছিল। এটা নিয়েও খেলোয়াড়দের সঙ্গে কথা বলব, যারা অভিযুক্ত, তাদের কাউন্সেলিংয়ের মতো আমরা কিছু বৈঠক করব ব্যক্তিগতভাবে।’
আসিয়ান কাপ বিপর্যয়ে থমাস ডুলি নেতৃত্বাধীন কোচিং স্টাফদের দায় আছে কি না, সেটিও খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন তাবিথ আউয়াল।



