মেসির বক্তৃতা
বিশ্বকাপ ফাইনালে ‘অদ্ভুত কিছু ঘটেনি’

বিদায়ী বক্তৃতায় লিওনেল মেসি বলেছেন অনেক কিছু। তুলেছেন সবশেষ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে দুর্ভাগ্যজনক ফাইনাল হারের কথাও। এর পেছনে কোনো ষড়যন্ত্র নেই, বরং সেমিফাইনালে ইংল্যান্ড ম্যাচের ধকল ও ক্লান্তিকেই দায়ী করেছেন বিশ্বকাপে দুই বারের গোল্ডেন বল জয়ী আর্জেন্টিনা অধিনায়ক।
আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায় লগ্নে আজ সকালে মনুমেন্তাল স্টেডিয়ামে একটি বিদায়ী ভাষণ দিয়েছেন লিওনেল মেসি। তার সাবলীল বক্তব্য ও আত্মবিশ্বাস সবার নজর কাড়ে। উপস্থিত দর্শক-সমর্থক তো বটেই, এমনকি তার সতীর্থ এনসো ফার্নান্দেস কথা শোনার সময় আবেগে কেঁদে ফেলেন। অথচ তাদের চেয়েও মেসিকে অনেক বেশি সংযত দেখাচ্ছিল। এছাড়া গত বিশ্বকাপে যা ঘটেছিল সে বিষয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরে দলকে ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন।
ইংল্যান্ড ম্যাচেই সব ফুরিয়ে গিয়েছিল!
আমেরিকায় শেষ বিশ্বকাপ খেলেই হয়তো মেসি বুঝে ফেলেছিলেন তার শরীরের অবস্থা। তাই অবসরের ঘোষণা এবং এ নিয়ে বিদায়ী বক্তৃতায় বলেছেন, ‘যদিও আমি চিরকাল এখানেই (আর্জেন্টিনা দলে) থাকতে চাই, তবুও মনে হচ্ছে এটাই সঠিক সময়। শেষ বিশ্বকাপটি আমার জন্য সত্যি অনেক বেশি ধকলের ছিল। আমরা পুনরায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলাম এবং কাছাকাছিও পৌঁছে গিয়েছিলাম।’
স্পেনের বিপক্ষে ফাইনাল হারে অনেক আর্জেন্টিনা সমর্থক ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পেয়েছিলেন। তাদের মনে হয়েছিল, জোড় করেই হারিয়ে দেওয়া হয়েছে আর্জেন্টিনাকে। এ প্রসঙ্গে মেসি সত্যিটা তুলে ধরেছেন এভাবে, ‘কিছু মানুষ যেমন বলছে, তেমন অদ্ভুত বা রহস্যজনক কিছুই ঘটেনি। আমাদের সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম। আসলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের শারীরিকভাবে এবং মানসিকভাবে ভীষণভাবে ক্লান্ত করে দিয়েছিল। বাস্তব কথা হলো, আমরা কোনোমতে টিকে ছিলাম।’
আর্জেন্টিনা অধ্যায়ে সব সতীর্থকে সম্মান
মেসি খেলেছেন ছয়টা বিশ্বকাপ। এছাড়াও বিভিন্ন সময় অনেক সতীর্থকে পেয়েছেন দলে, তাদের সঙ্গে মিলে দলের জন্য যেমন লড়াইয়ের ইতিহাস আছে তেমনি হাসি-আনন্দ-বেদনার স্মৃতিও আছে। সবার প্রতি সম্মান জানিয়ে কাতার বিশ্বকাপজয়ী কিংবদন্তী বলেছেন, ‘আমরা সবসময় যেভাবে লড়াই করেছি। আমরা যখন জিতেছিলাম তখন যারা সাথে ছিল শুধু তারা নয়, বরং দুর্ভাগ্যবশত আমরা চ্যাম্পিয়ন হতে না পারলেও লড়াই করেছি। আমরা খুব কাছাকাছিও গিয়েছিলাম। তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমার সব সতীর্থরা সবসময় এই জার্সির জন্য নিজেদের সর্বস্ব দিয়েছে।’
ঐক্যই মেসির দলের শক্তি
বাইরের আক্রমণগুলোর মুখোমুখি হওয়ার ক্ষেত্রে দলের ঐক্যের প্রতি ইঙ্গিত করেছেন মেসি, ‘এটা বহুবার প্রমাণিত হয়েছে আমরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়ে উঠি এবং যে কোনো কিছু জয় করতে পারি। সামনে নিশ্চিতভাবেই কঠিন সময় আসছে। কারণ এতদিন ধরে আমরা যা করেছি তা স্বাভাবিক কোনো বিষয় নয়।’
রাজ্যপাট শেষ
০৭ অক্টোবর ২০২৬
সামনে কঠিন সময়ের কথা উল্লেখ করে তিনি শক্তিশালী ও ঐক্যবদ্ধ দলকে দেখতে চান, ‘এই কঠিন সময়ে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি করে তাদের পাশে থাকতে হবে এবং সমর্থন জোগাতে হবে। আমাদের শেষ আলাপেও বলেছিলাম, বড় লক্ষ্য অর্জনের জন্য শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল গঠন করতে হবে। কারণ এমন কিছু মানুষ আছে যারা জাতীয় দলের ব্যর্থতা দেখতে চায়। আমরা তাদের সেই তৃপ্তি দিতে পারি না।’
আটবারের ব্যালন ডি’অর জয়ীর মতে প্রতিকূল পরিবেশই দলের শক্তি পরিমাপের সঠিক জায়গা, ‘কঠিন ও প্রতিকূল সময়েই আসলে দলের আসল শক্তি বোঝা যায়। যেখানে শক্তিশালী দল থাকে না, সেখানে সফলতা অর্জন করা খুবই কঠিন। আর আমি আপনাদের বলছি, আমরা একটি অসাধারণ দল ছিলাম, আর সে কারণেই আমরা যা অর্জন করেছি তা করতে পেরেছি।’






