ফিফার নিষেধাজ্ঞামুক্ত কিংসে দুই নেপালি ফুটবলার

ফাইল ছবি
ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে বসুন্ধরা কিংস। কোচ ও ফুটবলারদের বকেয়ার জন্য তাদের ট্রান্সফার নিষেধাজ্ঞা বাড়তে বাড়তে হয়েছিল ১৪টি । গত রাতে নিষেধাজ্ঞামুক্ত হওয়ায় বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়নদের দলবদলে অংশ নিতে আর কোনো বাধা নেই।
ক্লাব লাইসেন্সিং নিয়ে কিংসের যে জটিলতা তৈরি হয়েছিল, সেটিও কেটে গেছে। দলবদলও শেষ হবে নির্ধারিত সময়েই, ৩ সেপ্টেম্বর। এই সময়সীমা বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছে বাফুফে।
নিষেধাজ্ঞামুক্ত হয়েই কিংস দলে ভিড়িয়েছে নেপালের দুই ফুটবলার রোহিত চাঁদ ও মানিশ দাঙ্গিকে। ২০১৮ সালে পার্সিজা জাকার্তার হয়ে লিগ শিরোপা জেতার পাশাপাশি ইন্দোনেশিয়ান লিগের 'সেরা খেলোয়াড়' নির্বাচিত হয়েছিলেন মিডফিল্ডার রোহিত। নেপাল জাতীয় দলের হয়ে ১০৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। সাফ অঞ্চলের এই দুই ফুটবলারই নিয়মানুযায়ী 'দেশি' কোটায় খেলবেন কিংসের হয়ে।
গত মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগ থেকে অবনমিত হয়েছিল ফকিরেরপুল ইয়ংমেন্স। এরপরও নতুন মৌসুমে তাদের লিগে খেলার সুযোগ দিয়েছে বাফুফে। কিন্তু তাদের ফিফা নিষেধাজ্ঞা শেষ হয়নি এখনও। তাদের ওপর থাকা দুটি নিষেধাজ্ঞার একটি উঠলেও আরেকটি এখনো বহাল আছে। তবে সেই খেলোয়াড়ের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নিষেধাজ্ঞা কাটানোর প্রক্রিয়া চলছে।







