কেইনের নতুন রূপ

সংগৃহীত ছবি
স্ট্রাইকারদের প্রধান কাজ প্রতিপক্ষের বক্সে দাঁড়িয়ে থেকে গোল করা। তবে এই প্রচলিত ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের তারকা হ্যারি কেইন। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তিনি শুধুই একজন গোলদাতা নন, দলের রক্ষণ ও আক্রমণের অন্যতম সমন্নয়কও বটে।
গোলবক্স ছেড়ে নিজের বক্সে
মাঠের গভীর থেকে, এমনকি নিজেদের পেনাল্টি বক্সের কাছাকাছি থেকেও কেইনকে বল রিসিভ করতে দেখা যায়। সাধারণ সমর্থকদের মনে প্রশ্ন জাগতেই পারে, গোল করাই যার মূল দায়িত্ব, সে কেন গোলপোস্ট থেকে এত দূরে চলে আসবে?
মাঠের এত গভীর থেকে খেলার পরেও গত মৌসুমে ইংলিশ অধিনায়ক কেইন করেছেন ক্যারিয়ার সেরা ৭৩টি গোল। কেইনের মতে, এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং আধুনিক ফুটবলের বাস্তবতা, ‘ফুটবলকে সত্যিই গভীরভাবে না বোঝা পর্যন্ত 'বক্সে দাঁড়িয়ে থাকো, গোল পেয়ে যাবে' বলা সহজ। কিন্তু বাস্তবে বিষয়গুলো এভাবে কাজ করে না।‘
পরিসংখ্যান ও শারীরিক সক্ষমতার অভূতপূর্ব বৃদ্ধি
ফুটবলের আধুনিক কৌশলে ‘ম্যান-টু-ম্যান’ প্রেসিং এখন হরহামেশাই দেখা যায়। প্রতিপক্ষের সেরা খেলোয়াড়দের চাপ সামলাতে কেইন নিজের শারীরিক সক্ষমতা বাড়িয়েছেন বহুগুণে। স্পোর্টস টেকনোলজি কোম্পানি স্ট্যাট স্পোর্টস এর তথ্য অনুযায়ী, গত ছয় মৌসুমে কেইনের অতিক্রান্ত দূরত্ব, হাই-স্পিড রানিং এবং গতি যথাক্রমে ৮%, ২২% এবং ৪২% বৃদ্ধি পেয়েছে।
পায়ের কারসাজি নয়, বুদ্ধিতেই পরাস্ত প্রতিপক্ষ
গতির দিক থেকে খুব দ্রুতগতির বা ড্রিবলিংয়ে বিশ্বসেরা না হয়েও নিজের মেধা দিয়েই বাজিমাত করেছেন কেইন। ডর্টমুন্ডের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচেই তার এক ঝলক দেখা যায়। নিজের শরীর নিচু করে প্রতিপক্ষের সেন্টার-ব্যাককে দূরে ঠেলে দিয়ে পজিশন বদলে নেন তিনি। তার এই সূক্ষ্ম মুভমেন্টে ভুল দিকে ছিটকে যান প্রতিপক্ষের ডিফেন্ডাররা, আর কেইন নিজেদের হাফ থেকেই খুলে দেন পুরো আক্রমণের পথ।
একই সঙ্গে ৯, ১০ ও ৬ নম্বরের ভূমিকা
বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানির মতে, কেইনের এই অনন্য ভূমিকা ৫০% কোচের কৌশল এবং ৫০% তার নিজস্ব মাঠের সিদ্ধান্ত।
নাম্বার ৯ হিসেবে ক্যারিয়ার শুরু করলেও, কেইন এখন নিজেকে ‘নাম্বার ১০’-এর একজন হিসেবে ভাবতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ‘আমি যখন নিচে নেমে আসি, প্রতিপক্ষের মিডফিল্ডার বা ডিফেন্ডার আমার পেছনে চলে আসে। এতে করে লুইস দিয়াজ বা গ্যানাব্রির মতো উইঙ্গারদের জন্য সামনে ফাঁকা জায়গা তৈরি হয়।‘
ব্যালন ডি'অরের দৌড়ে অনন্য কেইন
আসন্ন ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় কেইনের নামটাও আছে। এ অবশ্য শুধু তার গোলের জন্যই নয়। পুরো মাঠজুড়ে দলের হয়ে রক্ষণ, প্লে-মেকিং ও ফিনিশিং, সবই যেন করেন কেইন। আর এতেই তার হাতে উঠতে পারে অধরা সেই ব্যালন ডি অর।





