নেইমারের প্রশংসায় ইংল্যান্ডের কোচ

কবে বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড? প্রতি আসরেই আকাশ সমান উন্মাদনা নিয়ে বিশ্বকাপ ভেন্যুতে হাজির হয় দলটি। কিন্তু শিরোপা খরা কাটে না। খুব কাছেও যেতে পারে না তারা। তাই বরাবরের মতো এবার শিরোপা জয়ের মতো ফেভারিট হিসেবে নিজেদের দেখছেন না ইংল্যান্ড কোচ টমাস টুখেল। তাই বলে ইংল্যান্ডের সম্ভাবনা একেবারে উড়িয়েও দিচ্ছেন না তিনি।
ফ্লোরিডায় কোস্টারিকার বিপক্ষে ইংল্যান্ডের শেষ প্রস্তুতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টুখেল বলেছেন, ‘আমরা টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেভারিট নই। এত দীর্ঘ সময় ধরে বিশ্বকাপ জিততে না পারলে ফেভারিট হওয়া কঠিন। সাম্প্রতিক সময়ে যারা বড় টুর্নামেন্টে সফল হয়েছে, তারাই স্বাভাবিকভাবে এগিয়ে থাকবে।’
ইংল্যান্ড সর্বশেষ এবং একমাত্র বিশ্বকাপ জিতেছিল ১৯৬৬ সালে। এরপর কয়েকবার শিরোপার খুব কাছে গেলেও শেষ পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি।
বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের তারকা নেইমারের প্রশংসা করেছেন টুখেল। সাবেক শিষ্যকে তিনি লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর কাতারে রাখছেন।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে টুখেল বলেছেন, ‘নেইমার বিশ্বের সবচেয়ে বড় নামগুলোর একজন। রোনালদো ও মেসির মতোই সে অসাধারণ প্রতিভাবান। তার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং যেকোনো পর্যায়ের ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা আছে। সে দলে থাকলে দল আরও শক্তিশালী হয় এবং বিশ্বকাপ বা বড় শিরোপার লড়াইয়ে সবসময়ই দাবিদার থাকে।’
পিএসজিতে নেইমারের কোচ ছিলেন টুখেল। ২০২০ সালে তার অধীনেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল ফরাসি ক্লাবটি। সেই অভিজ্ঞতার কথাও স্মরণ করেন জার্মান কোচ।




