ব্রাজিলের ম্যাচে ৮ লাল কার্ড

সংগৃহীত ছবি
ব্রাজিলের ফোর্তালেজায় যুক্তরাষ্ট্র-ব্রাজিল নারী ফুটবল দলের প্রীতি ম্যাচে ঘটল অপ্রীতিকর কাণ্ড। উত্তেজনাপূর্ণ ও বিতর্কিত এই ম্যাচে ব্রাজিলের খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে লাল কার্ড দেখেছেন আটজন!
ম্যাচে ১-০ গোলে ব্রাজিলকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। একমাত্র গোলটি করেন সোফিয়া উইলসন, যার শট ব্রাজিলের ডিফেন্ডার ইসাবেলা চাগাসের গায়ে লেগে জালে জড়ায়।
ম্যাচের শেষ দিকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ব্রাজিলের প্রধান কোচ আর্থার এলিয়াস এবং তার স্টাফের তিন সদস্যকে বহিষ্কার করেন রেফারি। পরে ফরোয়ার্ড জানেরাত্তো দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন। তার সতীর্থ তারসিয়ানে সরাসরি লাল কার্ড দেখেন প্রতিপক্ষকে কনুই মারার অভিযোগে। ম্যাচ শেষে কেরোলিন ও লুদমিলাও রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে লাল কার্ড পান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত দাঙ্গা নিয়ন্ত্রণ পোশাক পরিহিত পুলিশ মাঠে প্রবেশ করে। ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের কোচ এমা হেইস বলেছেন, ‘কোচিং ক্যারিয়ারে কখনো এক ম্যাচে এত লাল কার্ড দেখিনি আমি।’




