রিয়ালে কে এই এস্পি
ভিনিসিয়ুস-ভোজিনহার অনিশ্চয়তা

সংগৃহীত ছবি
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, নতুন চুক্তির বিষয়ে ভিনিসিয়ুসকে শেষ প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। এই প্রস্তাবের পর আর কোনো আলোচনা বা বেতন বাড়ানোর পরিকল্পনা নেই ক্লাবটির।
বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে এখনও দুই বছর বাকি থাকলেও বেশ কিছুদিন ধরেই নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে ভিনিসিয়ুসের দাবি, তিনি যেন দলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সমপরিমাণ বেতন পান। কিন্তু রিয়ালের শীর্ষ কর্মকর্তারা সেই দাবি মানতে রাজি নন। মার্কার দাবি, ভিনিসিয়ুস ও তার প্রতিনিধিদের কাছে চূড়ান্ত প্রস্তাব পাঠিয়ে দিয়েছে রিয়াল। যদি তিনি সেটি প্রত্যাখ্যান করেন তাহলে চলতি দলবদলেই তাকে বিক্রি করার বিষয়টি বিবেচনা করবে স্প্যানিশ জায়ান্টরা।
অন্যদিকে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার চিলির ক্লাব কোলো-কোলোতে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মৌখিক চুক্তি ও ক্লাবের ঘোষণার পর তিনি চিলির ফ্লাইটে ওঠেননি। মূলত মরক্কোর ক্লাব আরএস বার্কেন থেকে শেষ মুহূর্তের বড় অফার এবং চিলির লিগে জার্সিতে ডাকনাম ব্যবহারের জটিলতার কারণে এই দলবদল আটকে গেছে।
এদিকে ট্রান্সফার মৌসুমকে পুরোদমে কাজে লাগাতে ব্যস্ত রিয়াল। আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে লেভান্তে ইউডি থেকে ২১ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার কার্লোস এস্পিকে দলে ভিড়িয়েছে
তারা। ২৫ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করে তার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত পাঁচ বছরের
চুক্তি সম্পন্ন করেছে ক্লাবটি।
৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এস্পি হেডে অসাধারণ। লা লিগায় গত মৌসুমে ন্যূনতম ১০ গোল করা খেলোয়াড়দের মধ্যে হেডে দ্বিতীয় সর্বোচ্চ (৩৬.৪ শতাংশ) গোল এস্পির। রিয়ালের সাবেক ফরোয়ার্ড ও স্পেনের ইউরোজয়ী সাবেক অধিনায়ক আলভারো মোরাতার সঙ্গে এস্পির খেলার ধরনে মিল আছে যথেষ্ট। গঞ্জালো গার্সিয়া ফুলহামে যাবেন বলে কিলিয়ান এমবাপ্পের পেছনে খেলাতে একজন ‘নাম্বার নাইন’ দরকার ছিল রিয়ালের। মরিনহোর সবুজ সংকেতের পর অবিশ্বাস্য দ্রুত গতিতে চুক্তিটা সেরে ফেলেছে রিয়াল।







