রোনালদোর সাক্ষাৎকার প্রকাশের কয়েক ঘণ্টা পরই সরিয়ে নিল সিএনএন

সংগৃহীত ছবি
নিজেকে ইতিহাসের সেরা ফুটবলার মনে করেন ক্রিস্তিয়ানো রোনালদো। শুধু তা-ই নয় নিজের গোলের রেকর্ডও প্রাপ্য স্বীকৃতি পাচ্ছে না বলে মনে করেন পর্তুগিজ এই তারকা। তার এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পরই সাক্ষাৎকারের লেখা সরিয়ে নিয়েছে সিএনএন পর্তুগাল।
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে সিএনএন পর্তুগালকে দেওয়া রোনালদোর সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করা হয়েছিল। সেখানে আল নাসরের এই ফরোয়ার্ড বলেন, ‘মানুষ আমার পারফরম্যান্সের মান ও গোলগুলোকে প্রাপ্য স্বীকৃতি দেয় না।’
ক্লাব ও জাতীয় দলের হয়ে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে এগোচ্ছেন রোনালদো। এখন পর্যন্ত ১ হাজার ৩৩৭ ম্যাচে তার গোলসংখ্যা ৯৮০।
হাজার গোলের লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো জবাব দেন, ‘সবকিছু স্বাভাবিকভাবে ঘটতে হবে। আমি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, ইতিহাসের সেরা খেলোয়াড় আমি, ব্যস—এখানেই শেষ।’
নিজের গোলসংখ্যার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘পরিসংখ্যানই সব বলে দেয়। আমি যদি ১ হাজার গোলের মাইলফলকে পৌঁছাতে পারি সেটা হবে অসাধারণ কিছু। এটি আমার লক্ষ্য, যেটি অর্জনে আমি কাজ করছি। তবে এত দীর্ঘ সময়ের কথা ভেবে আমি খেলি না।’
কত দিন ফুটবল খেলে যাবেন তা নিয়েও নিশ্চিত নন রোনালদো, ‘আগামীকাল কী হবে তা আমি জানি না। হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখব আমার আর আগের মতো অনুপ্রেরণা নেই, আর খেলতে ইচ্ছা করছে না। সত্যি বলতে কী ঘটবে তা আমি জানি না।’
তবে সাক্ষাৎকারের পর ঘটে অন্য ঘটনা। কয়েক ঘণ্টা পরই সিএনএন পর্তুগাল তাদের ওয়েবসাইট থেকে রোনালদোর সাক্ষাৎকারের লেখাটি সরিয়ে নেয়। কেন লেখাটি সরানো হয়েছে সে বিষয়ে প্রতিবেদনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।



