মাকে হারালেন আর্জেন্টিনার কোচ স্কালোনি

সংগৃহীত ছবি
আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। বুধবার তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন তিনি। মারজেত্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্কালোনির পরিবার, নিজ শহর পুহাতো ও আর্জেন্টিনা ফুটবল অঙ্গনে।
রোসারিওর রেডিও ২-এর মাধ্যমে জানা গেছে, মঙ্গলবার রাতে স্বামী অ্যাঞ্জেলের সঙ্গে নিজের বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করেন মারজেত্তি। মায়ের মৃত্যুর সময় স্কালোনি বুয়েনস এইরেসে ছিলেন নাকি স্পেনের মায়োর্কা থেকে ফিরছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে মারজেত্তির শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
পুহাতো শহরে স্বামী অ্যাঞ্জেলের সঙ্গে বসবাস করতেন ইউলালিয়া। স্থানীয়ভাবে ‘চিচে’ নামে পরিচিত তার স্বামী। জাতীয় দলের দায়িত্ব থেকে ছুটি পেলে ছেলে স্কালোনি মায়ের সঙ্গে দেখা করতে যেতেন। জীবনে তিনি পৌরসভার বিচারকের দায়িত্ব পালন করেছেন এবং তিন সন্তান—স্কালোনি, মাউরো ও কোরিনাকে বড় করে তুলেছেন।
পাঁচ বছর আগেই মায়ের অসুস্থতার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন স্কালোনি। ২০২১ সালের ১৫ অক্টোবর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জয়ের পর তিনি বলেছিলেন, ব্যক্তিগত কঠিন পরিস্থিতির কারণে তখন বিশ্বকাপ নিয়ে দূরদর্শী চিন্তা করার মতো মানসিক অবস্থা তার ছিল না।
তবে দায়িত্ব চালিয়ে যান স্কালোনি। ২০২১ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর মাকে উৎসর্গ করেছিলেন সাফল্য। কোপা আমেরিকা জয়ের পর আবেগাপ্লুত হয়ে তিনি বলেছিলেন, ‘আমি এই জয় আমার মাকে উৎসর্গ করতে চাই। কয়েক দিন আগে তিনি গুরুতর সমস্যায় পড়েছিলেন এবং লড়াই করছেন।’
স্কালোনির মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে সমবেদনা জানিয়েছেন। কঠিন এই সময়ে স্কালোনি ও তার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।



