বাংলাদেশ ফুটবল লিগ
৫ গোলের থ্রিলারে আবাহনীকে হারাল পুলিশ এফসি

ছবি: বাফুফে
৮৪ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে থেকে সহজ জয়ের পথে ছিল পুলিশ এফসি। তবে শেষ ১০ মিনিটের নাটকে ম্যাচ জমিয়ে তুলেছিল আবাহনী লিমিটেড। শেষ পর্যন্ত ৩-২ গোলের রোমাঞ্চকর এক জয় নিয়েই মাঠ ছাড়ল পুলিশ।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে দারুণ এক জয় পেয়েছে পুলিশ এফসি। চলতি লিগে এ নিয়ে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল আবাহনী। পাঁচ ম্যাচে পুলিশ এফসি পেল চতুর্থ জয়।
ম্যাচের প্রথমার্ধে কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সেনেগালের ফরোয়ার্ড রাসুল বার গোলে এগিয়ে যায় পুলিশ এফসি।
৬২তম মিনিটে হয় ব্যবধান দ্বিগুণ। পেনাল্টি থেকে গোল করে আবাহনীকে আরও কোণঠাসা করে ফেলেন ক্যামেরুনের ফরোয়ার্ড স্যাম।
৮৫তম মিনিটে ম্যাচে ফেরে আবাহনী। বাবাতুন্দের ক্রস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে ব্যবধান কমান ইমতিয়াজ। যোগ করা সময়ে নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ায় স্যামের পাস থেকে শাফিক গোল করে আবার দুই গোলের লিড নেয় পুলিশ।
যোগ করা সময়ের সপ্তম মিনিটে বাবাতুন্দের সফল পেনাল্টি কিকে ক্ষণিকের জন্য আবার ফেরে নাটকীয়তা। কিন্তু একটু পরই বাজে শেষের বাঁশি। ৩৩ দিন পর লিগে ফিরে হার নিয়ে মাঠ ছাড়ে মারুফুল হকের দল।
দিনের অন্য ম্যাচে আরামবাগের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এফসি।



