ব্যালন ডি’অর নিয়ে প্রশ্ন তুললেন মরিনহো

সংগৃহীত ছবি
ব্যালন ডি’অর নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। বিশ্বের সেরা খেলোয়াড় নির্ধারণে শুধু দলীয় অর্জনকে গুরুত্ব দেওয়ার বিরোধিতা করেছেন পর্তুগিজ এই কোচ।
এফসি মালাগার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, ‘শুধু চ্যাম্পিয়নস লিগ বা বিশ্বকাপ জিতেছে বলেই কোনো খেলোয়াড়কে ব্যালন ডি’অর দেওয়া যায় না।’
দলীয় সাফল্যকে পুরস্কৃত করাই যদি মূল উদ্দেশ্য হয় তাহলে অন্যদের সম্মান জানানো উচিত বলেও মনে করেন মরিনহো, ‘চ্যাম্পিয়নস লিগকে সম্মান জানাতে চাইলে ব্যালন ডি’অর লুইস এনরিকেকে দেওয়া উচিত। এটি পুরো দলকে প্রতিনিধিত্ব করবে। অথবা স্পেন জাতীয় দলকে দেওয়া যেতে পারে। মিস্টার দে লা ফুয়েন্তে অবশ্যই কোচের ব্যালন ডি’অরের যোগ্য। ইতিহাস গড়া একটি দলের জন্য সেটিই হবে বড় সম্মান।’
তবে বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচনের বিষয়টি আলাদা বলে জানান মরিনহো, ‘বিশ্বের সেরা খেলোয়াড় পিএসজি বা স্পেন জাতীয় দলের হতে হবে এমন কোনো কথা নেই। বিশ্বের সেরা খেলোয়াড় দুই, তিন বা চারজন আছে। আমরা জানি তারা কারা এবং কোথায় আছে। আমরা জানি এবার ব্যক্তিগতভাবে কারা ইতিহাস গড়েছে।’
ব্যালন ডি’অর নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবও থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন ৬৩ বছর বয়সী মরিনহো, ‘হয়তো ব্যালন ডি অরও কিছুটা রাজনৈতিক বিষয়। আর যখন রাজনীতি চলে আসে তখন এটি আমার কাছে আর ততটা ভালো লাগে না। ব্যালন ডি’অর নিয়ে আমার মতামত আপনারা জানেন। স্পেন জাতীয় দল বা পিএসজিকে নিয়ে এখন নতুন কিছু আবিষ্কার করার নেই। খেলোয়াড়দের বিষয়টি আলাদা।’
মরিনহোর মতে ব্যালন ডি’অর এমন একজন খেলোয়াড়ের পাওয়া উচিত যিনি একটি যুগকে সংজ্ঞায়িত করেন এবং অবসরের পরও যার অভাব ফুটবল বিশ্ব অনুভব করে, ‘আমার কাছে ব্যালন ডি’অর এমন একজনের পাওয়া উচিত যাকে খেলা ছাড়ার পর আমরা চিরকাল মিস করব। আমি ম্যারাডোনাকে মিস করি, রোনালদিনহোকে মিস করি, রোনালদোকে মিস করি, ক্রিস্তিয়ানোকে মিস করি, মেসিকে মিস করি, জিদানকে মিস করি, লোথার ম্যাথাউসকে মিস করি। আমি এই মানুষগুলোকেই মিস করি।’







