ইয়ামাল জাদু আর রোনালদোর ‘ক্ষোভ’

বিশ্বকাপ জেতার পর স্পেন ঘরের মাঠে প্রথম খেলল গত মঙ্গলবার। সেভিয়ার র্যামন সানচেজ স্টেডিয়ামে ট্রফিটা উঁচিয়ে ধরে দর্শকদের সঙ্গে উদযাপন করেন অধিনায়ক রোদ্রি। এরপর উয়েফা নেশনস লিগের ম্যাচটিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে জাদুই দেখালেন লামিন ইয়ামাল। জোড়া গোলের পাশাপাশি করলেন একটি অ্যাসিস্টও।
স্পেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ২ গোল এবং একটি অ্যাসিস্ট করলেন ১৯ বছর ৭৮ দিন বয়সী ইয়ামাল। ২১ বছর ২৭৩ দিনে আগের রেকর্ডটি ছিল রাউল গঞ্জালেসের। তাতে ক্রোয়াটদের ৪-১ গোলে বিধ্বস্ত করে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়ল স্পেন। একটি করে গোল নিকো উইলিয়ামস ও মার্ক পুবিলের। স্পেনের ফ্যাবিয়ান রুইস আবার কীর্তি গড়েছেন টানা ৫২ ম্যাচ অপরাজিত থাকার। তার অভিষেকের পর স্পেন যে ম্যাচগুলো হেরেছে, কাকতালীয়ভাবে সেই ম্যাচগুলোয় খেলেননি রুইস!
নেশনস লিগের অন্য ম্যাচে চেকপ্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। চেকপ্রজাতন্ত্র ১০ জনের দলে পরিণত হয়েছিল ২৫ মিনিটে। সুযোগটা কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে একটি করে গোল অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইনের। ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। ইংল্যান্ডের পয়েন্ট ৩।
ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে স্পেন প্রথম গোল পেয়েছিল ১০৪ সেকেন্ডে। এবার ক্রোয়েশিয়ার বিপক্ষে তারা গোল পেল ৭০ সেকেন্ডে। ২৫ পাসের সেই গোলের আগে বলই স্পর্শ করতে পারেনি ক্রোয়েশিয়া। ১০৬ বছরের ইতিহাসে টানা দুই ম্যাচে প্রথম দুই মিনিটের মধ্যে প্রথমবার গোল করল স্পেন। দুটি গোলই করেছেন ইয়ামাল।
এমন পারফরম্যান্সে কি ব্যালন ডি’অরের স্বপ্ন দেখছেন ইয়ামাল? ম্যাচ শেষে তিনি বললেন, ‘শুধু ব্যালন ডি’অরের জন্য খেলি না। নিজের, দর্শকদের, আগামী মৌসুমের, জাতীয় দলের আর জয়ের জন্য খেলি আমি।’
এদিকে আজ ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে ক্রিস্তিয়ানো রোনালদোর অসন্তোষ প্রকাশ পেল আরও একবার। দলীয় অনুশীলনের অংশ হিসেবে এলেদা স্টেডিয়ামে গিয়েছিলেন ৪১ বছর বয়সী রোনালদো। শুরুর আধা ঘণ্টা আগে একাই দাঁড়িয়ে ছিলেন মাঠে। তবে স্টেডিয়ামে জিম করার সরঞ্জাম পছন্দ না হওয়ায় ফিরে যান হোটেলে। নরওয়ের বিপক্ষে ম্যাচে বেঞ্চে থাকাতেই কি এমন ক্ষোভ রোনালদোর? রোনালদো ও কোচ জর্জ জেসুসের অসন্তোষ দূর করতে নিজের পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে কোপেনহেগেনে ছুটে গেছেন পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রয়েঙ্কা।



