ইনজুরি ফেরতা শমিত
ট্রেনিংয়ে ভালো বোধ করছি

সংগৃহীত ছবি
শমিত সোম ভুটান ম্যাচ নিয়ে খুবই ইতিবাচক। নিজে চোট সারিয়ে কেবল ফিরেছেন। সঙ্গে রোনান সুলিভানের ইনজুরি, হামজার অনুপস্থিতি সব মিলিয়ে আগামী ৫ নভেম্বের সাফের প্রথম ম্যাচ নিয়ে অনেকে দুশ্চিন্তা করলেও বাংলাদেশ দলের কানাডা প্রবাসী এ মিডফিল্ডারের মধ্যে কোনো শঙ্কা নেই।
অথচ এর মধ্যেই দুঃসংবাদ এসেছে, রোনান স্যুলিভান ইনজুরিতে ছিটকে গেছেন সাফ থেকে। এটা শুনে খানিকটা হতাশ শমিত সোম, ‘আমি পাঁচ-দশ মিনিট আগে শুনছি। এটা খুবই খারাপ খবর। সে ভালো ইয়ং ট্যালেন্ট। তবে আমাদের আরও অ্যাটাকিং খেলোয়াড় আছে, চেষ্টা করতে হবে ওদের দিয়ে পুষিয়ে নিতে।’
ভুটান ম্যাচে হামজা ও ফারহান থাকবেন না। স্বাভাবিকভাবে টুর্নামেন্টের প্রথম ম্যাচটাও সহজ হবে না। শমিতের কথা, ‘আমরা অবশ্যই হামজা আর ফারহানকে মিস করব। এরা তো খুব খেলোয়াড়, তারা থাকলে ম্যাচ সহজ হয়ে যায়। আমার বিশ্বাস তাদের জায়গায় আরও দু-তিনজন আছে যারা খেলতে পারবে এবং ভালো করবে। হয়তো হামজার মতো হবে না। তবে আমাদের দল ভুটানের ম্যাচের জন্য তৈরি। আমার বিশ্বাস, আমরা ভালো করব প্রথম ম্যাচে।’
শমিত নিজেও ইনজুরিতে ছিলেন। সেটা কাটিয়ে সাফের জন্য তৈরি হচ্ছেন। ঢাকায় এসেই ক্যম্পে যোগ দিয়ে এই মিডফিল্ডার বলেছেন, ‘একটা চ্যালেঞ্জিং সময় ছিল শেষ চার-পাঁচ সপ্তাহ। রিকভারি চলছে। এই সিচুয়েশন আমার জন্য তো ডিফিকাল্ট, তবে আমি তৈরি হচ্ছি। এখন পর্যন্ত আমি ভালো বোধ করছি। আজকে যে ট্রেনিং করেছি, মোটামুটি সবকিছু ঠিক লাগছে। এখন প্রধান কাজ হলো ফিটনেস বাড়ানো, ভুটান ম্যাচের আগে দু-তিন দিন সময় আছে। আমি ফিটনেস কোচের সঙ্গে আলাপ করেছি।’
তবে দেশের মানুষের ব্যাপক সমর্থন আশা করছেন তিনি। আগামী ৫ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে সাফ। শমিতের প্রত্যাশা, ‘এ দেশের মানুষ আমাদের সাফ জিততে দেখতে চায়। আমরাও মুখিয়ে আছি নিজেদের স্টেডিয়ামে টুর্নামেন্টটা খেলতে। আমাদের সর্মথন দরকার, ওটা আমাদেরকে অনুপ্রাণিত করবে।’



