এমএলএসে রেকর্ড গড়ে চলেছেন কাভান সুলিভান

সংগৃহীত ছবি
বয়স এখনো ১৭ হয়নি। অথচ মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন কাভান সুলিভান। জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের দুর্দান্ত ফর্মে ফিলাডেলফিয়া ইউনিয়নও ছুটছে প্লে-অফের দিকে। এবার সান ডিয়েগো এফসির বিপক্ষে ৫-০ গোলের জয়ে জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন তিনি।
এই পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন সুলিভান। ১৬ বছর ৩৫১ দিন বয়সে এমএলএসের ম্যাচডের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে এই পুরস্কার জেতা তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। লিগে এক ম্যাচে জোড়া গোলের কীর্তিও এবারই প্রথম গড়লেন এই মিডফিল্ডার।
পাশাপাশি আরেকটি রেকর্ড গড়েছেন সুলিভান। সর্বশেষ সাত ম্যাচেই অন্তত একটি করে গোলে অবদান রেখেছেন তিনি। এমএলএসের ইতিহাসে কোনো কিশোর ফুটবলারের টানা গোল অবদানের এটিই দীর্ঘতম ধারা।
তরুণ এই খেলোয়াড়ের পারফরম্যান্সে বদলে গেছে ফিলাডেলফিয়ার অবস্থানও। বিশ্বকাপের বিরতির পর থেকে টানা ১০ ম্যাচ অপরাজিত দলটি। এর মধ্যে জয় আটটি, ড্র দুটি। ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন সপ্তম স্থানে রয়েছে ফিলাডেলফিয়া। অর্থাৎ এমএলএস কাপ প্লে-অফের জায়গা নিশ্চিত করার দৌড়ে আছে তারা।
চলতি মৌসুমে সুলিভানের গোল অবদান ১৭টি। ছয় গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ১১টি গোল করিয়েছেন তিনি। এমএলএসের ইতিহাসে কিশোর খেলোয়াড়দের মধ্যে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোল অবদান এটি।
এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার আলোচনা শুরু হয়েছে সুলিভানকে ঘিরে। কোচ মাউরিসিও পচেত্তিনোর ঘোষণার অপেক্ষায় রয়েছেন তিনি। বিশ্বকাপের পর ২৬ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। সেই ম্যাচের দল ১৭ সেপ্টেম্বর ঘোষণা করতে পারেন পচেত্তিনো। ফলে জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা সুলিভানের সামনে খুলে যেতে পারে নতুন এক দরজা।



