এমবাপ্পে নয় ইয়ামালের হাতেই ব্যালন ডি’ অর দেখতে চান মাদ্রিদ সমর্থকরা

সংগৃহীত ছবি
এবছর ব্যালন ডি’ অরের দাবিদারদের মধ্যে বেশ কিছু যোগ্য নাম রয়েছে। তার মধ্যে অন্যতম ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। কিছুদিন আগে তো তিনি বলেই দিয়েছেন যে এবারই তার সেরা সুযোগ। কিন্তু এই আলোচনার মধ্যে নিজ ক্লাবের সমর্থকদের কাছ থেকেই অপ্রত্যাশিত চমক পেলেন এমবাপ্পে। মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম মার্কার এক জরিপে ২০২৬ ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এমবাপ্পের চেয়ে এগিয়ে রয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল।
জরিপে পাঠকদের সামনে তিনটি বিকল্প রাখা হয়েছিল—ইয়ামাল, এমবাপ্পে কিংবা অন্য কোনো খেলোয়াড়। এখন পর্যন্ত ফলাফলে দেখা গেছে ১৫ হাজার ৫১৬ ভোট পেয়ে ৩৭ শতাংশ সমর্থন পেয়েছেন ইয়ামাল। এমবাপ্পের পক্ষে ভোট পড়েছে ১১ হাজার ৪৫৫টি যা মোট ভোটের ২৭ শতাংশ। আর অন্য খেলোয়াড়ে ভোট দিয়েছেন ১৪ হাজার ৭৯৫ জন অর্থাৎ ৩৬ শতাংশ। ফলে এমবাপ্পের চেয়ে ১০ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন ইয়ামাল।
দুই তারকার কথার লড়াইয়ের মধ্যেই প্রকাশ্যে এসেছে জরিপের ফল। ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার হিসেবে নিজেকে মনে করেন এমবাপ্পে। সম্প্রতি নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে রিয়াল তারকা বলেন, ‘আমার মনে হচ্ছে, ব্যালন ডি’অর জয়ের জন্য এ বছরটি ভালো হতে পারে।’
অন্যদিকে নিজেকেও এগিয়ে রাখছেন ইয়ামাল। বার্সেলোনার তারকা বলেন, ‘আমি মনে করি এ বছর আমিই এটা পাওয়ার যোগ্য।’
ইয়ামালের দাবির পেছনে মূল শক্তি তার জেতা শিরোপাগুলো। অন্যদিকে এমবাপ্পে নিজের ব্যক্তিগত পরিসংখ্যানের ওপর বেশি জোর দিচ্ছেন। দুই তারকার এই ভিন্ন যুক্তিই ব্যালন ডি’অর বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে তাদের তুলনাকে।
পুরস্কার জয়ের লড়াই এখনো শেষ হয়নি। কিন্তু মার্কার জরিপে ইয়ামালের পক্ষে ৩৭ শতাংশ ভোট এবং এমবাপ্পের পক্ষে মাত্র ২৭ শতাংশ সমর্থন ফরাসি তারকার জন্য নিঃসন্দেহে একটি বার্তা। ব্যালন ডি’অর ঘোষণার আগে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই তারকার লড়াই যে আরও জমে উঠছে তা বলার অপেক্ষা রাখে না।



