১৪ বছর পর আর্সেনালের অ্যানফিল্ড জয়

সংগৃহীত ছবি
এক যুগেরও বেশি সময় ধরে এই মাঠে জয়ের দেখা পায়নি তারা। অবশেষে অ্যানফিল্ডে অপেক্ষার অবসান ঘটল আর্সেনালের। কাই হ্যাভার্টজের একমাত্র গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে গানাররা। এই জয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠেছে মিকেল আর্তেতার দল।
লিভারপুলের মাঠে এর আগে সবশেষ ২০১২-১৩ মৌসুমের প্রিমিয়ার লিগে জিতেছিল আর্সেনাল। এই জয় এসেছিল ২-০ গোলে।
পুরো ম্যাচে অবশ্য দাপট ছিল স্বাগতিকদেরই। ৫৫ শতাংশের বেশি সময় পজেশন রেখে স্বাগতিকরাই বরং গোলের জন্য বেশি শট নিয়েছে। কিন্তু তাদের ১৭ শটের একটিও লক্ষ্যে ছিল না। আর্সেনাল ১০টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে।
৯ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় হারের স্বাদ পাওয়া লিভারপুল ১৫ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
ম্যাচের ১৬তম মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায় আর্সেনাল। নিজেদের সীমানায় লিভারপুল পজেশন হারানোর পর, সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে ডান দিক থেকে দূরের পোস্টে বল বাড়ান ডেক্লান রাইস, আর নিচু শটে গোলটি করেন হ্যাভার্টজ।
আট মিনিট পর দ্বিতীয় গোল পেতে পারতেন এই জার্মান। কিন্তু ব্রুনো গিমারেসের কোনাকুনি শট পোস্টের কাছ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় প্রয়োজনীয় টাচটা করতে পারেননি তিনি।
শেষ পর্যন্ত ম্যাচে আর গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।



