ইনফান্তিনোর ইঙ্গিত
সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অনুদান দেবে ফিফা

বিতর্কিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পের পতনের পর চারদিক থেকে আসা তীব্র চাপের মুখে আরও নমনীয় হলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার বিশাল রিজার্ভ ফান্ড থেকে সদস্য দেশগুলোকে তিনি আরও বড় অঙ্কের আর্থিক অনুদান দেওয়ার জোরালো ইঙ্গিত দিয়েছেন।
গতকাল সোমবার ফিফার ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের কাছে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো জানালেন, যথাযথ সুশাসন ও স্বচ্ছ প্রক্রিয়া বজায় রেখে সদস্য দেশগুলোর জন্য সর্বোচ্চ সম্ভাব্য অতিরিক্ত তহবিল প্রদানে তিনি সমর্থন দেবেন। এর আগে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং কনকাকাফ ফিফার রিজার্ভ ফান্ড থেকে প্রতিটি সদস্য সংস্থাকে ১ কোটি ডলার বা প্রায় ৭ দশমিক ৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড করে অনুদান দেওয়ার দাবি জানিয়েছিল। আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাবটি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
চিঠিতে সুনির্দিষ্ট কোনো অঙ্ক চূড়ান্ত না করলেও ইনফান্তিনো লেখেন, ‘আমি কোনো নির্দিষ্ট অঙ্কের বিষয়ে আগে থেকে রায় দিচ্ছি না। এটা নিয়ে আলোচনা শুরু হতে পারে।’ এ বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তাব একীভূত করার জন্য তিনি ফিফার সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছেন বলে জানালেন।
বিশ্বকাপ ও অন্যান্য বড় টুর্নামেন্টের বাণিজ্যিক অধিকারের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্দেশ্যে আনা ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ প্রস্তাবটি নিয়ে বিশ্ব জুড়ে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়েছিলেন ইনফান্তিনো। এমনকি তার পদত্যাগের দাবিও উঠেছিল।
তবে চিঠিতে নিজের সেই ব্যর্থ প্রস্তাবের পক্ষে সাফাই গেয়ে ইনফান্তিনো দাবি করেন, ফুটবল খেলায় আরও বেশি বিনিয়োগ করার উদ্দেশ্যেই ওই বাণিজ্যিক প্রস্তাব আনা হয়েছিল, যা পরে বাতিল করা হয়। আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে ইনফান্তিনোর, যেখানে বিরোধীদের প্রার্থী খোঁজার শেষ সময় আগামী ১৮ নভেম্বর।




