চ্যাম্পিয়নস লিগ
আগের চেয়েও বেশি ক্ষুধার্ত বার্সা

সংগৃহীত ছবি
মৌসুমের শুরু থেকে বিধ্বংসী ফর্মে আছেন তারা। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ, দুই টুর্নামেন্টেই অপরাজিত বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচে গ্যালাতাসারের বিপক্ষে মাঠে নামার আগে বার্সা কোচ হান্সি ফ্লিক জানালেন, নিজেদের মোটেই ফেভারিট মনে করছেন না তিনি। তবে আগের চেয়েও বেশি ক্ষুধার্ত তার দল।
লা লিগায় আট ম্যাচের সবকয়টি জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে গত দুইবারের শিরোপা জয়ী বার্সা। এই আট ম্যাচে ইয়ামাল-রাফিনিয়ারা গোল করেছেন ৩৪টি।
চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচে ফ্লিকের দল ৫-১ গোলে বিধ্বস্ত করে ডাচ ক্লাব ফাইনর্টকে। গ্যালাতাসারের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিকের সামনে প্রশ্ন ছিল, উড়তে থাকা বার্সাই কি এবারের ফেভারিট?
ফ্লিক অবশ্য নিজেদের ফেভারিট মানতে একেবারেই নারাজ, ‘এই অবস্থানে থাকতে পারাটা সৌভাগ্যের বিষয়। আমরা খুবই কঠোর পরিশ্রম করেছি। আর আমার মতে, শেষ পর্যন্ত যাওয়ার পথটা অনেক দীর্ঘ। এই মুহূর্তে কেউই ফেভারিট নয়।‘
বিধ্বংসী এই মনোভাবটা ধরে রাখতে চান ফ্লিক, ‘শুরুতে আমাদের যে মানসিকতা ছিল, সেই একই মানসিকতা নিয়ে প্রতিটি ম্যাচ খেলতে হবে। আমি শুধু জিততে চাই। আমরা সবাই এটাই চাই এবং এই আমাদের লক্ষ্য। আর ছেলেরা ফুটবল খেলাটা কতটা উপভোগ করছে, তা দেখে আমি সত্যিই খুশি।‘
দল আগের চেয়ে বেশি ক্ষুধার্ত কি না, এমন প্রশ্নের উত্তরে ফ্লিক বলেন, 'অবশ্যই, আমাদের মধ্যে সেই ক্ষুধাটা আছে। তাদের অনেকেই বিশ্বকাপ জিতেছে এবং তাদের মধ্যে এখনও সেই ক্ষুধা আছে। আমাদের ভক্তদের জন্য, পরিবারের জন্য কাজ করতে হবে। এটা কঠিন এবং পথটা দীর্ঘ।'



