চ্যাম্পিয়নস লিগ
ড্রেসিংরুমে তিনটি ভিডিও ক্লিপ আর মরিনহোর মাস্টারস্ট্রোক

পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে প্রথমার্ধে বেশ এলোমেলো ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু বিরতির পর বদলে গেল দৃশ্যপট। দ্বিতীয়ার্ধের দাপুটে ফুটবলে জয় তুলে নিল স্প্যানিশ জায়ান্টরা। এই নাটকীয় প্রত্যাবর্তনের নেপথ্যে ড্রেসিংরুমে কোচ জোসে মরিনহোর হাফটাইম মাস্টারস্ট্রোক। ভিডিও বিশ্লেষণ করে তিনজন বদলি নামিয়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই পর্তুগিজ কোচ।
বিরতির সময় ড্রেসিংরুমে ঠিক কী হয়েছিল, তা নিয়ে গোপনীয়তা বজায় রাখলেও মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে ড্রেসিংরুমের পরিবেশকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের সঙ্গে তুলনা করেন মরিনহো। তার ভাষায়, ‘লকার রুম ভেগাসের মতো। ভেগাসে যা ঘটে, তা ভেগাসেই থাকে। আমরা কথা বলেছি। আমরা বন্ধু, এবং নিজেদের মধ্যে আলোচনা করেছি।’ তবে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মরিনহো স্বীকার করেন যে, প্রযুক্তির সহায়তায় ভুলগুলো ধরিয়ে দিয়েছিলেন তিনি। প্রথমার্ধে ভয়াবহ পারফরম্যান্স, ব্যক্তিগত লড়াইয়ে হেরে যাওয়া এবং ঠিকঠাক প্রেস করতে না পারার সমস্যা সমাধানের কৌশল জানিয়ে এই কোচ বলেন, ‘বিশ্লেষকদের নিয়ে এমন তিন বা চারটি ক্লিপ বের করার চেষ্টা করেছি, যাতে খেলোয়াড়েরা দেখতে পারে আমরা কোথায় ভুল করছি। কথা ছিল খুবই কম, কারণ একটি ছবি হাজার শব্দের সমান। আমরা তিনটি আলাদা ক্লিপ দেখেছি—একটি রক্ষণ নিয়ে এবং দুটি আক্রমণ নিয়ে। ভিজ্যুয়াল দেখে বুঝতে সুবিধা হয়।’
বিরতিতে একসঙ্গে তিনজন খেলোয়াড়কে বদলি নামানোর সিদ্ধান্তটিই দ্বিতীয়ার্ধে রিয়ালের গতি বদলে দেয়। তবে শুরুর একাদশ থেকে তুলে নেওয়া খেলোয়াড়দের কাঠগড়ায় না দাঁড় করিয়ে এটিকে কৌশলগত ঝুঁকি হিসেবেই ব্যাখ্যা করেছেন মরিনহো, ‘তিনটি বদলির পেছনে অনেক ভাবতে হয়েছে। প্রতিপক্ষের প্রচুর পাল্টা আক্রমণ করছিল, বিপরীতে আমাদের ছিল দুটি হলুদ কার্ড। এটাও একটি ঝুঁকির জায়গা। আবার সবচেয়ে বেশি খেলা দুই সেন্টার-ব্যাকও নিশ্চয়ই আরও ভালো ফর্মে থাকতে চেয়েছিলেন।’
টানা পঞ্চম জয়ে চ্যাম্পিয়নস লিগ টেবিলে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ১৫ বারের ইউরোপসেরা রিয়াল। প্লে-অফ রাউন্ড এড়িয়ে সরাসরি পরের ধাপে যাওয়ার লক্ষ্যে আরও কয়েকটি ইতিবাচক ফল চান মরিনহো। তবে ম্যাচের শুরু থেকেই তাড়না ধরে রাখার বিষয়ে এখনো পুরোপুরি সন্তুষ্ট নন তিনি, ‘নিশ্চয়ই ঘুরে দাঁড়ালে ভালো লাগে। কিন্তু আমরা যে ঝুঁকিগুলো নিচ্ছি, তাতে হিতে বিপরীতও হতে পারে। আমরা ভালো শুরু করব নাকি খারাপ—এই প্রশ্নবোধক চিহ্নটা আমি রাখতে চাই না।’





