শেষ সময়ে মাঠে নেমেও কিংসের শক্তিশালী দল

সংগৃহীত ছবি
ঘাড়ের ওপর ঝুলছিল ১৪টি ফিফা ট্রান্সফার ব্যান। গত মৌসুমের ট্রেবলজয়ী বসুন্ধরা কিংসের দল গড়াই ছিল অনিশ্চিত। বড় অঙ্কের জরিমানা দিয়ে সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতেই কেটে গেছে দলবদলের বড় একটা সময়। তারপরও শেষ সময়ে তৎপর হয়ে এবারও সেরা দল গড়েছে ছয়বারের লিগজয়ীরা। দলবদলের শেষ দিনে তারা নিশ্চিত করেছে ২৬ বছর বয়সী এক ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ব্রাজিলিয়ান সিরি ‘বি’তে খেলা কেইকে জেসুস কিংস অ্যারেনায় যোগ দেবেন পরীক্ষিত রবসন রবিনহো ও এমেকা ওগবাহর সঙ্গে। এ ছাড়া তপু বর্মণ, রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ, সোহেল রানার মতো জাতীয় দলের তারকারা তো আছেনই।
গতবারের রানার্সআপ আবাহনী সীমাবদ্ধতার মধ্যেই গড়েছে মাঝারি মানের দল। কোচ মারুফুল হক পুরনোদের ধরে রাখার পাশাপাশি নাইজেরিয়ার হয়ে বিশ্বকাপ খেলা ফরোয়ার্ড মাইকেল বাবাতুন্দেকে নিয়েছে। শেষ দিনে তারা চেষ্টায় ছিল সাফ কোটায় পাকিস্তান জাতীয় দলের তরুণ উইঙ্গার মঈন আহমেদকে দলে নেওয়ার। এ ছাড়া বাবাতুন্দে ছাড়াও আরও তিন বিদেশি নিয়ে এবারও সেরার লড়াইয়ে থাকতে চায় আকাশি-হলুদ জার্সিধারীরা।
এবারের দলবদলে সবার আগে ঘর গুছিয়েছে গত মৌসুমে লিগ শিরোপা হারানো মোহামেডান। ক্লাবটির নতুন নেতৃত্ব দায়িত্ব নিয়েই শিরোপায় চোখ রেখে দল গড়ার উদ্যোগ নেয়। বসুন্ধরা কিংসের ৯ ফুটবলারের সঙ্গে সুলেমান দিয়াবাতে, মোজাফফরভ ও ইমানুয়েল সানডের মতো পরীক্ষিত ভিনদেশিদের নিয়েছে মতিঝিল জায়ান্টরা। তাদের ডাগআউটে থাকবেন আর্জেন্টাইন-স্প্যানিশ কোচ ফার্নান্দো ভারেলা। তবে কোচ কবে যোগ দেবেন, তা এখনো নিশ্চিত নয়।
এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে মুরাস ইউনাইটেডকে হারিয়ে দেওয়া ফর্টিস এফসি শেষ মুহূর্তে দলে নিয়েছে জাপানিজ বংশোদ্ভূত মিডফিল্ডার শুকি ইতফুসাকে। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা আরেক দল পুলিশ এফসি আগেই দল গোছানোর আনুষ্ঠানিকতা সেরে রেখেছিল।
শেষ দিনে এসে তৎপর হতে দেখা গেছে রহমতগঞ্জ, ব্রাদার্স, ফিফার নিষেধাজ্ঞামুক্ত ফকিরেরপুল ইয়ংমেন্স, নবাগত চট্টগ্রাম এফসিসহ ছোট বাজেটের দলগুলোকে। রহমতগঞ্জ সেনেগালিজ ফরোয়ার্ড ইব্রাহিম সেনাই, ঘানাইয়ান স্ট্রাইকার প্রিন্স অসুয়াকে নিয়েছে। ব্রাদার্স ধরে রেখেছে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে। ফকিরেরপুল নিয়েছে পরীক্ষিত গাম্বিয়ান সোলায়মান সিল্লাকে আর চট্টগ্রাম এফসি শেষ দিনে নিয়েছে ঘানাইয়ান সেন্টারব্যাক কফি জুনিয়রকে। ১৩ দল নিয়ে ১৮ সেপ্টেম্বর মৌসুম শুরু হবে বাংলাদেশ ফুটবল লিগ দিয়ে।





