জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশের বিরুদ্ধে শিশুসহ রাস্তায় এক নারী। ফাইল ছবি/ রয়টার্স
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার জন্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া উদ্যোগে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করতেই ট্রাম্প প্রশাসন নতুন নির্বাহী আদেশ জারি করে।
স্থানীয় সময় বুধবার মেরিল্যান্ডের গ্রিনবেল্ট মার্কিন ডিস্ট্রিক্ট জজ ডেবোরা বোর্ডম্যান এ বিষয়ে প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেন। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা কর্মীদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ আদেশ দেন।
বিচারক বলেছেন, সুপ্রিম কোর্ট এরই মধ্যে সিদ্ধান্ত দিয়েছে, ‘ক্লাস অ্যাকশন’ বা সমষ্টিগত মামলার আওতাভুক্ত শিশুরা জন্মসূত্রে মার্কিন নাগরিক। ফলে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো ওই মামলার আওতাভুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব অস্বীকার করতে পারবে না।
ট্রাম্পের এই উদ্যোগ ছিল জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার আগের প্রচেষ্টা আদালতে আটকে যাওয়ার পর নেওয়া নতুন পদক্ষেপ। গত ৩০ জুন মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের নির্বাহী আদেশের কার্যকারিতা আটকে দেওয়ার বিষয়ে নিম্ন আদালতের আদেশ বাতিল করেছিল।
ওই আদেশে এমন শিশুদের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার কথা বলা হয়েছিল, যাদের বাবা-মা মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা; অর্থাৎ গ্রিন কার্ডধারী নন এমন।
তবে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্প প্রশাসনের ওই পদক্ষেপের সাংবিধানিক বৈধতা সরাসরি বহাল করা হয়নি। আদালত ১৪তম সংশোধনীর নাগরিকত্ব সংক্রান্ত ধারার বিষয়টি সামনে আনেন। এই ধারায় যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং দেশটির ‘এখতিয়ারভুক্ত’ ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
‘বারবারা বনাম ট্রাম্প’ মামলায় ৬-৩ ভোটে দেওয়া সুপ্রিম কোর্টের রায়ে এ সাংবিধানিক ধারাটিই ছিল গুরুত্বপূর্ণ বিষয়।
এরপর গত ৬ আগস্ট ট্রাম্প নতুন একটি নির্বাহী আদেশে সই করেন। এবার মূলত ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তান জন্ম দেওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি লক্ষ্য করা হয়।
নতুন আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনো শিশুর পাসপোর্টের আবেদনের সময় তার বাবা-মায়ের নাগরিকত্ব বা বৈধ স্থায়ী বসবাসের প্রমাণপত্র জমা দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল।
কিন্তু বুধবার আদালত ট্রাম্প প্রশাসনের সেই উদ্যোগের কার্যকারিতাও আটকে দিয়েছেন।





