চার দেশের হয়ে খেলার সুযোগ, বেছে নিলেন আর্জেন্টিনাকে

সংগৃহীত ছবি
চারটি দেশের হয়ে খেলার সুযোগ ছিল মাতেও সান্তা মারিয়ার। শেষ পর্যন্ত আর্জেন্টিনাকেই বেছে নিয়েছেন জুভেন্টাসের এই তরুণ ফরোয়ার্ড। অনূর্ধ্ব-১৭ দলের কোচ দিয়েগো প্লাসেন্তের দলে জায়গা পেয়েছেন তিনি। লন্ডনে অনুষ্ঠেয় ভার্টেক্স কাপে আর্জেন্টিনার হয়ে খেলবেন সান্তা মারিয়া। কাতার বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই টুর্নামেন্টে খেলবে আর্জেন্টিনার বয়সভিত্তিক দল।
২০০৯ সালের ৩ জানুয়ারি স্পেনের বার্সেলোনায় জন্ম সান্তা মারিয়ার। ফুটবলের হাতেখড়ি ও বেড়ে ওঠার বড় অংশ স্পেন ও ইতালিতে। শুরুতে খেলেছেন ইউডি কর্নেয়ায়। এরপর যোগ দেন লেভান্তেতে। সেখানে ক্যাডেতে ‘এ’ টুর্নামেন্টের প্রথমার্ধেই ৯ গোল করে নজর কাড়েন। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ২০২৫ সালের শুরুতে তাকে দলে নেয় জুভেন্টাস।
আন্তর্জাতিক ফুটবলে সান্তা মারিয়ার পরিস্থিতি বেশ আলাদা। জন্ম স্পেনে, বসবাস ইতালিতে। মায়ের দিক থেকে ব্রাজিলীয় এবং বাবার দিক থেকে আর্জেন্টাইন বংশোদ্ভূত তিনি। ফলে স্পেন, ইতালি, ব্রাজিল ও আর্জেন্টিনা—চার দেশের হয়েই খেলার সুযোগ ছিল তাঁর। ইতালির অনূর্ধ্ব-১৬ দলের হয়ে প্রীতি ম্যাচেও খেলেছেন। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ডাক পাওয়ার পর বদলে যায় তার পথ।
আর্জেন্টিনায় প্রথম ডাক পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সান্তা মারিয়া লিখেছিলেন, ‘এই সুযোগের জন্য কৃতজ্ঞ।’
জুভেন্টাসের বয়সভিত্তিক দলে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ১৭ গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড। তার মূল পজিশন সেন্টার ফরোয়ার্ড হলেও বাঁ প্রান্তেও খেলতে পারেন। এবার প্লাসেন্তের অধীনে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায় শুরু হচ্ছে তার।
তবে সান্তা মারিয়াই একমাত্র ইউরোপ-ফেরত প্রতিভা নন আর্জেন্টিনার এই দলে। দলে আছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক হোসে কাস্তেলাউ দে রোয়া। স্পেনের গেতাফেতে জন্ম নেওয়া ৬ ফিট ২ ইঞ্চি উচ্চতার এই গোলরক্ষক ২০১৭ সাল থেকে রিয়ালের একাডেমিতে আছেন। স্পেনের অনূর্ধ্ব-১৫ দলেও ডাক পেয়েছিলেন তিনি। পরে আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্ত নেন।
ইউরোপে বেড়ে ওঠা আরেক খেলোয়াড় হলেন লুকাস পিলিপিলি রদ্রিগেস। স্পেনে জন্ম নেওয়া এই ডিফেন্ডার বর্তমানে ভিয়ারিয়ালে খেলছেন। তার পরিবারের শিকড় আর্জেন্টিনার জুজুইয়ে। বাবা হুয়ান পিলিপিলি স্পেন যাওয়ার আগে ক্লাব আতলেতিকো সান পেদ্রোতে ক্যারিয়ার শুরু করেছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে তেনেরিফের হয়ে খেলার সময় স্পেনের জাতীয় দল থেকেও ডাক পেয়েছিলেন লুকাস।
এবার তিন তরুণই আর্জেন্টিনার জার্সিতে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছেন। লন্ডনের ভার্টেক্স কাপে ১ অক্টোবর মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার অভিযান। ৪ অক্টোবর তানজানিয়া এবং ৭ অক্টোবর চীনের বিপক্ষে খেলবে তারা।



