নিরাপত্তা শঙ্কা
উজবেকিস্তান সফরে বিশ্রামে রোনালদো

ক্যারিয়ারের ৯৮৫তম গোলের মাইলফলক স্পর্শ করার পর এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোকে। উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে ম্যাচের জন্য পর্তুগিজ যুবরাজকে ছাড়াই দল ঘোষণা করেছে আল-নাসর। মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং দীর্ঘ ভ্রমণের ধকল এড়াতেই কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে।
তাসখন্দে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে শুধু রোনালদো নন, আল-নাসর কোচ বিশ্রাম দিয়েছেন কিংসলে কোমান ও মোহামেদ সিামাকানকেও। এ বিষয়ে কোচ পোস্তেকোগলু সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ম্যাচের অতিরিক্ত চাপ এবং ভ্রমণের ধকল বিবেচনা করেই তাদের এই বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথম এশিয়ান শিরোপার খোঁজে থাকা আল-নাসর অবশ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পশ্চিমাঞ্চলীয় গ্রুপে বেশ ধীরগতিতে শুরু করেছে। ৩২ দলের এই টুর্নামেন্টের ৩২ দলের পশ্চিম জোনে বর্তমানে নবম অবস্থানে রয়েছে তারা।
এদিকে ইএসপিএন জানিয়েছে, নিরাপত্তাশঙ্কার কারণেই পর্তুগিজ মহাতারকাকে তাশখন্দে নেওয়া হয়নি। মধ্যপ্রাচে বিরাজমান যুদ্ধাবস্থার কারণে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-ওয়াসল রিয়াদে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে এএফসি ম্যাচটি স্থগিত করে। এছাড়া গত ১২ অক্টোবর ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার খবরের কারণে আল-নাসরের একটি হোম ম্যাচও নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল।
মাঠের বাইরে এই নিরাপত্তা শঙ্কা আসন্ন এশিয়ান কাপের ওপরেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ৭ জানুয়ারি থেকে সৌদি আরবে এশিয়ান কাপ শুরু হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি এএফসি কংগ্রেসে জাপানি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুনেয়াসু মিয়ামোতো বর্তমান পরিস্থিতিতে দেশটিতে টুর্নামেন্ট আয়োজন কঠিন হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন।
এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা অবশ্য জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করা হবে এবং প্রয়োজনে টুর্নামেন্ট এক বছর পিছিয়ে ২০২৮ সালে নেওয়া হতে পারে। যদিও সৌদি আয়োজকরা দাবি করেছেন, নির্ধারিত সূচি অনুযায়ীই সব প্রস্তুতি এগিয়ে চলছে।





