গাজার মৃত্যুকূপে ফুল হয়ে ফুটল ফুটবল

সংগৃহীত ছবি
এখানে দিনে রাতে চলে বেঁচে থাকার লড়াই। এক বেলা খাবার পাওয়াই যেখানে দুষ্কর, সেখানে ফুটবল তো দূর কল্পনার বস্তু। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত সেই গাজায় মৃত্যু মিছিলের মধ্যেও ফুল হয়ে ফুটেছে ফুটবল। ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি এলাকায় আয়োজন করা হলো ফুটবল টুর্নামেন্টের। রচিত হলো যুদ্ধবিধ্বস্ত জনপদে ফুটবলের অন্যরকম এক ফিরে আসার গল্প।
বার্তা সংস্থা আনাদোলু জানায়, টুর্নামেন্টে অংশ নিয়েছে ২০টি পাড়াভিত্তিক দল। এই খেলা দেখতে সেখানে এসেছিলেন প্রায় ২ হাজার দর্শক!
টুর্নামেন্টের ভেন্যুও যেন মনে করিয়ে দিচ্ছিল যুদ্ধের ভয়াবহতাকে। একসময় গাড়ির ডিপো হিসেবে ব্যবহৃত হতো জায়গাটি। এখন সেখানে বালুময় মাঠ, চারপাশে ধ্বংসস্তূপ। সেই ধ্বংসস্তূপের ওপর উঠে এবং মাঠের কিনারায় দাঁড়িয়েই উপভোগ করেছেন দর্শক।
ইসরায়েলের আক্রমণ প্রায় তিন বছর ধরে খান ইউনিসে ফুটবল কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর আবারও মাঠে গড়িয়েছে খেলা। খেলার মাঠগুলো ক্ষতিগ্রস্ত, ক্রীড়াসামগ্রীরও সংকট। তাই আয়োজকেরা ‘ইয়েলো লাইন’-এর কাছে একটি খোলা জায়গায় টুর্নামেন্ট আয়োজন করেন। ২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পর ইসরায়েলি সামরিক বাহিনী এই সীমারেখা নির্ধারণ করে।
টুর্নামেন্টে অংশ নেওয়া একটি দলের কোচ নাহিদ আবদিন আনাদোলুকে বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের আরও কাছাকাছি আনার পাশাপাশি ওই এলাকায় বসবাস করা ফিলিস্তিনিদের পরিস্থিতি বিশ্বের সামনে তুলে ধরতে চান।
নাহিদ জানান, ‘আমরা ফুটবল খেলেও যুদ্ধের বিরুদ্ধে লড়াই করি, খেলাটির চেতনা দিয়ে লড়াই করি। আজ যারা খেলতে এসেছে, তারা মানুষকে আনন্দ দিতে এবং তাদের অনুভব করাতে এসেছে যে এখনো কিছু একটা টিকে আছে, ফিলিস্তিনিরা এখনো এই ভূমিতে আছে।’
ইসরায়েলি সামরিক অবস্থানের এত কাছে খেলার ঝুঁকিও কম নয় বলে জানান নাহিদ, ‘ এখানে ঝুঁকি অনেক। নিয়মিত গোলাবর্ষণ ও গুলিবর্ষণ চলছে। তবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের নিরাপদ রাখেন।’
খান ইউনিসের মেয়র আলা আল-দিন আল-বাত্তা আনাদোলুকে বলেন, টুর্নামেন্টে মানুষের ব্যাপক উপস্থিতি ওই এলাকায়, বিশেষ করে ‘ইয়েলো লাইন’-এর কাছাকাছি বসবাস চালিয়ে যাওয়ার ব্যাপারে তাদের দৃঢ় সংকল্পেরই প্রতিফলন। তার অভিযোগ, ওই সীমারেখার কাছে নিজেদের জমিতে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী।
তিনি জানান, টুর্নামেন্টের আয়োজন করা এলাকাটি আগে ইসরায়েলি সামরিক বাহিনীর ঘোষিত ‘অরেঞ্জ জোন’-এর অন্তর্ভুক্ত ছিল। এ কারণে সেখানকার অধিকাংশ বাসিন্দাকে এলাকা ছাড়তে হয়েছিল।
আল-বাত্তা বলেন, ‘আমরা বিশ্বের অন্য মানুষের মতো বাঁচতে চাই। এমন স্বাভাবিক জীবন চাই, যেখানে খেলাধুলা করতে পারব এবং দৈনন্দিন কাজকর্ম করতে পারব।’
যুদ্ধের ধাক্কায় গাজার ক্রীড়াঙ্গনও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তাফা সিয়াম এর আগে আনাদোলুকে জানিয়েছিলেন, যুদ্ধে ক্রীড়া, যুব ও স্কাউটিং কার্যক্রমের সঙ্গে যুক্ত ১০১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে ৫৬০ জনের বেশি ছিলেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত খেলোয়াড়, রেফারি, কোচ ও কর্মকর্তা।
সিয়ামের দেওয়া তথ্য অনুযায়ী, গাজায় ২৬৫টির বেশি ক্রীড়া স্থাপনা পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে স্টেডিয়াম, ক্রীড়া কমপ্লেক্স, ক্লাব ভবন ও প্রশিক্ষণ একাডেমি।
এখনো গাজার অধিকাংশ ক্রীড়া স্থাপনা ব্যবহারের অনুপযোগী। ক্রীড়াসামগ্রী প্রবেশে বিধিনিষেধ এবং প্রয়োজনীয় সম্পদের অভাবে পুনর্গঠন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে ধ্বংসস্তূপের মধ্যে ফুটবলের এই আয়োজন গাজাবাসীকে দেখাচ্ছে নতুন স্বপ্ন।



