আর্জেন্টিনার স্কোয়াড বিশ্লেষণ
বিশ্বকাপজয়ী ১৭ জনের সঙ্গে ৯ নতুন মুখ

সংগৃহীত ছবি
আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। স্কোয়াডটি বিশ্লেষণ করলে দেখা যায়, চার বছর আগে কাতার বিশ্বকাপে বিশ্বজয়ের স্বাদ পাওয়া দলের ওপরই মূল ভরসা রাখছেন লিওনেল স্কালোনি। কাতার বিশ্বকাপের ১৭ জন সদস্যকে ধরে রাখার পাশাপাশি স্কোয়াডে ৯ জন নতুন মুখ যুক্ত করেছেন তিনি, যা দলের মোট খেলোয়াড়ের প্রায় দুই-তৃতীয়াংশ।
যথারীতি মহাতারকা লিওনেল মেসির নেতৃত্বে আলবিসেলেস্তেরা এবার তাদের চতুর্থ বিশ্বকাপ ট্রফি জয়ের মিশনে নামবে। কোচ স্কালোনি কাতার বিশ্বকাপের মূল শক্তির ওপর আস্থা বজায় রেখেছেন। দলে থাকা ১৭ জন বিশ্বজয়ী ফুটবলার হলেন:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ ও জেরোনিমো রুলি।
রক্ষণভাগ: নিকোলাস তাগলিয়াফিকো, গঞ্জালো মন্টিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি এবং নাহুয়েল মলিনা।
মধ্যমাঠ: লিয়েন্দ্রো পারেন্দেস, রদ্রিগো ডি পল, এজেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।
আক্রমণভাগ: হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্টিনেজ।
বয়স, চোট এবং সাম্প্রতিক ফর্মের কারণে দলে বেশ কিছু পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন স্কালোনি। কাতারে চোটের কারণে শেষ মুহূর্তে বিশ্বকাপ মিস করা জিওভানি লো সেলসো এবং নিকোলাস গঞ্জালেস এবার দলে ফিরেছেন। এ ছাড়া ফর্মের তুঙ্গে থাকা তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়া হয়েছে। বিশ্বকাপ দলের নতুন ৯ মুখ হলেন- হুয়ান মুসো (গোলরক্ষক), লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, ভ্যালেন্টিন বার্কো, জিওভানি লো সেলসো, নিকোলাস গঞ্জালেস, হুলিয়ানো সিমিওনে, নিকো পাজ এবং হোসে ম্যানুয়েল লোপেজ।
বয়সের কারণে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়া কিংবা ফর্মের ঘাটতিতে কাতার বিশ্বকাপের ৯ জন তারকা খেলোয়াড় এবার জায়গা হারিয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বড় নাম আনহেল দি মারিয়া এবং ফ্রাঙ্কো আরমানি। এ ছাড়া চোটের কারণে ছিটকে গেছেন হুয়ান ফয়েথ।
বাদ পড়া ৯ খেলোয়াড় হলেন- ফ্রাঙ্কো আরমানি, জার্মান পেজ্জেলা, হুয়ান ফয়েথ, মার্কোস আকুনিয়া, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো ‘পাপু’ গোমেজ, আনহেল দি মারিয়া, আনহেল কোরেয়া এবং পাওলো দিবালা।
নতুন ও অভিজ্ঞদের এই মিশ্রণ নিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।







