মেসির মার্কশিট
সর্বোচ্চ নম্বর শারীরিক শিক্ষায়, দ্বিতীয় সর্বোচ্চ সঙ্গীতে!

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা হয়ে ওঠার অনেক আগে শৈশবে নিউয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে অনুশীলন আর স্কুলের পড়াশোনার মধ্যে দিন কাটত লিওনেল মেসির। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন কিংবদন্তির সপ্তম শ্রেণির একটি স্কুল রিপোর্ট কার্ডের ছবি ভাইরাল হয়েছে, যা ভক্তদের মধ্যে তার শৈশবের পড়াশোনা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে @Scalonados নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা নথিটি মেসির ১২ থেকে ১৩ বছর বয়সের সময়ের। তখন তিনি আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোসারিওর স্কুল নম্বর ৬৬ জেনারেল লাস হেরাস-এ পড়াশোনা করতেন। রিপোর্ট কার্ডে বিভিন্ন বিষয়ে তার প্রাপ্ত নম্বর উল্লেখ রয়েছে, যার মধ্যে একটি বিষয় সবার নজর কেড়েছে।
প্রত্যাশিতভাবেই শারীরিক শিক্ষা বিষয়ে ১০-এ ১০ পেয়েছিলেন মেসি। এছাড়া চারুকলা ও সংগীত বিষয়ে তাঁর নম্বর ছিল ৮। তবে গণিত, ভাষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা এবং প্রযুক্তি—এই বিষয়গুলোতে তিনি ৬ করে নম্বর পেয়েছিলেন। মেসির স্কুলের এই ফলাফল প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মজার সব মন্তব্যের ঝড় উঠেছে। আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক পাবলো গিরাল্ট পোস্টটিতে হাসির ইমোজি ও ভালোবাসার চিহ্ন দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেক নেটিজেন নিজেদের স্কুলজীবনের নম্বরের সঙ্গে মেসির ফলাফলের তুলনা করে মজা করেছেন। কেউ লিখেছেন, ‘বেশ বড় কণ্ঠশিল্পী ছিলেন দেখা যায়’! আবার কেউ রসিকতা করে বলেছেন, ‘আমাদের মধ্যেও লিওর গুণাবলি আছে!’
ছাত্র হিসেবে মেসি কেমন ছিলেন, সে স্মৃতি এর আগেও তুলে ধরেছেন তার শৈশবের শিক্ষকেরা। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসিকে গণিত পড়ানো শিক্ষক আন্দ্রেয়া সোসা ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘গ্লোবো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ক্লাসে ভীষণ চুপচাপ ও লাজুক থাকলেও টিফিনের ঘণ্টা বাজলেই বদলে যেতেন খুদে মেসি।
আন্দ্রেয়া সোসার ভাষায়, ‘সে খুব শান্ত স্বভাবের ছেলে ছিল, খুব লাজুক হওয়ায় ক্লাসে তেমন কথা বলত না বা অংশ নিত না। কিন্তু যখনই সে খেলার মাঠে ফুটবল খেলতে যেত, পুরোপুরি বদলে যেত; তখনই সে সেই লিও হয়ে উঠত, যাকে আজ পুরো বিশ্ব চেনে।’






