বার্সায় খেলবে মেসির ছেলে?

সংগৃহীত ছবি
বাবা বার্সেলোনার কিংবদন্তিদের একজন। লিওনেল মেসির সন্তানরা কোন এক সময় ফিরবেন কাতালান জার্সিতে, এমন স্বপ্নই দেখেন তার ভক্তরা। হঠাৎ গুঞ্জন উঠেছে, মেসির বড় ছেলে থিয়াগো মেসি যোগ দিচ্ছেন বার্সার একাডেমি লা মেসিয়াতে। তবে মেসি অবশ্য সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।
লিগস কাপের ম্যাচে মাঠে নামার আগে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন লিওনেল মেসি। সাংবাদিক যখন তাকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘থিয়াগো কি চলে যাচ্ছে?’ তখন সতীর্থ রদ্রিগো দি পলের সঙ্গে স্টেডিয়ামে প্রবেশের সময় অত্যন্ত শান্ত ভঙ্গিতে মেসির সোজাসাপ্টা উত্তর, ‘না’।
২০২৩ সালে মায়ামিতে আসার পর থেকে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে খেলছে থিয়াগো। এর আগে সে পিএসজির একাডেমি এবং বার্সেলোনার প্রশিক্ষণ কেন্দ্র বার্সা এসকোলার সঙ্গে যুক্ত ছিল। আপাতত ইন্টার মায়ামিতেই খেলছেন থিয়াগো।
ছেলের খেলার ধরন সম্পর্কে এক সাক্ষাৎকারে মেসি আগে বলেছিলেন, ‘থিয়াগো খেলা নিয়ে বেশ চিন্তাভাবনা করে। সে মূলত খেলা গুছিয়ে খেলতে ভালোবাসে এবং একজন দক্ষ মিডফিল্ডার হিসেবে নিজেকে গড়ে তুলছে।’




