এল ক্ল্যাসিকো
১৬ মিলিয়ন ইউরো আয়ের রেকর্ড ভাঙার হাতছানি

দর্শকদের নির্ঘুম রাত উপহার দিতে এগিয়ে আসছে আরও একটি এল ক্ল্যাসিকো। আগামী রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় চলতি মৌসুমের অন্যতম প্রতীক্ষিত এই হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ক্যাম্প ন্যুর নতুন রূপ এবং দর্শকদের উন্মাদনার পাশাপাশি ম্যাচটি ঘিরে অর্থনৈতিক দিক থেকেও নতুন ইতিহাস গড়ার হাতছানি দেখছে কাতালান ক্লাবটি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র তথ্য অনুযায়ী, ঐতিহ্য অনুযায়ী বড় ম্যাচগুলোতে স্টেডিয়ামের গ্যালারিতে বিশালাকার মোজাইক প্রদর্শনী করা হয়। ১৯৯২ সালে ‘পেনিয়া আলমোগাভেস’ নামের সমর্থক গোষ্ঠী এই প্রথার প্রচলন করেছিল। গত ১০ মে ক্যাম্প ন্যুতে ফেরার পর প্রথম এল ক্লাসিকো ২-০ গোলে জিতে লিগ শিরোপা নিশ্চিত করেছিল বার্সা। সেবার নীল ও লাল কার্ডের মাধ্যমে গ্যালারিতে ফুটিয়ে তোলা হয়েছিল ক্লাবের ক্রেস্ট এবং ‘ফোর্সা বার্সা’ স্লোগান। তবে এবারের ক্লাসিকোর জন্য নতুন কোনো বার্তা বা স্লোগান সম্পূর্ণ গোপন রেখেছে বার্সা। গত মে মাসের এল ক্লাসিকোয় ৬২ হাজার ২২৩ জন দর্শকের উপস্থিতিতে টিকেট বিক্রির মাধ্যমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সর্বোচ্চ ১৬৫ লাখ বা ১৬.৫ মিলিয়ন ইউরো আয়ের রেকর্ড গড়েছিল বার্সেলোনা। আর এবার সম্প্রসারিত ভিআইপি সিট এবং স্টেডিয়ামের ধারণক্ষমতার সম্পূর্ণ ব্যবহার হওয়ায় সম্ভাবনা আছে। তাই অর্থনৈতিক দিক দিয়েও অতীতের সেই রেকর্ড ভাঙার সম্ভাবনা প্রবল।
স্টেডিয়ামের সংস্কার কাজের ফলে দ্বিতীয় টায়ারটি এখন পুরো স্টেডিয়াম জুড়ে চার সারির ভিআইপি সিট নিয়ে গঠিত হয়েছে। ম্যাচের তিন দিন বাকি থাকতেই স্টেডিয়ামের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। চাহিদার ওপর ভিত্তি করে ডাইনামিক প্রাইসিং সিস্টেমের কারণে টিকিটের দামও আকাশচুম্বী হয়েছে। গোলপোস্টের পেছনের সাধারণ টিকিটের দাম শুরু হয়েছিল ২৯৯ ইউরো থেকে এবং মূল স্ট্যান্ডে ছিল ১ হাজার ৯২ ইউরো। বর্তমানে টিকিটের দাম বেড়ে প্রথম টায়ারে ১ হাজার ১০৯ ইউরো থেকে শুরু করে কেন্দ্রীয় অংশে ২ হাজার ৯৯ ইউরো পর্যন্ত গিয়ে ঠেকেছে। অন্যদিকে, ভিআইপি সিটের দাম শুরু হচ্ছে ২ হাজার ৪০০ ইউরো থেকে এবং সাবস্টিটিউট বেঞ্চের পেছনের বিলাসবহুল আসনগুলোর দাম পৌঁছে গেছে ৮ হাজার ০০০ ইউরোতে। সব মিলিয়ে দর্শক উপস্থিতি ও টিকিটের চড়া দামের সুবাদে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আয়ের অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার পথে বার্সেলোনা।





