রান তাড়ার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল ভারত

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টিতেই দেখা গেল রান উৎসব। বিশাল স্কোর গড়েও জয়ের স্বাদ পেল না কিউইরা। তাদের দেওয়া ২২৬ রানের টার্গেট ২ বল এবং ৪ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় শ্রেয়াস আইয়ারের দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
ক্রাইস্টচার্চে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত। জসপ্রিত বুমরাবিহীন ভারতের বোলিং আক্রমণকে তুলোধুনো করেন কিউইরা। দুই ওপেনার টিম সেইফার্ট (১৭ বলে ২৪) ও ফিন অ্যালেন (২৪ বলে ৪৫) ঝড়ো সূচনা এনে দেন। সেইফার্টকে ফিরিয়ে মায়াঙ্ক যাদব প্রথম ব্রেক-থ্রু দিলেও নিউজিল্যান্ডের রান তোলার গতি থামেনি। পাওয়ারপ্লেতেই তারা তুলে নেয় ৬৫ রান। চার নম্বরে নেমে ভারতীয় বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘোরান গ্লেন ফিলিপস। মাত্র ৪০ বলে করেন অপরাজিত ৮২ রান। শেষদিকে তরুণ বেভন জেকবস উপহার দেন ১৬ বলে ৩১ রানের ক্যামিও। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার ভারতের একই ইনিংসে পাঁচজন বোলার ৪০ বা তার বেশি রান খরচ করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সার্বিকভাবে এটি ১৪তম ঘটনা হলেও ভারতের জন্য এটিই প্রথম।
জবাবে মাত্র ৫.৫ ওভারে ৯৩ রানের বিধ্বংসী ওপেনিং জুটি গড়েন সঞ্জু স্যামসন (৩৩ বলে ৬৭) আর অভিষেক শর্মা (১২ বলে ২৯)। ভারতের জয় তখন খুবই সহজ মনে হচ্ছিল। কিন্তু মাঝের ওভারগুলোতে কয়েকটি উইকেট হারালে শঙ্কা জাগে। তিনে নামা তিলক ভার্মা করেন ১১ বলে ৬ রান। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৮ বলে ৪২ আর অক্ষর প্যাটেল ১৪ বলে ২৪ রান করে আউট হয়ে যান। পরিস্থিত যখন এমন, তখন ফিনিশারের ভূমিকায় আবির্ভূত হন নমন ধীর। মাত্র ৬ষ্ঠ টি-টোয়েন্টি খেলতে নামা ২৬ বছর বয়সী এই ব্যাটার ১৫ বলে ৫ চার ২ ছক্কায় অপরাজিত ৪২ রান করে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন। অবশ্য ম্যাচসেরার পুরস্কার ওঠে সঞ্জু স্যামসনের হাতেই। এর আগে ২০২৩ সালে অস্ট্রেলিয়া এবং ২০২৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৯ রান তাড়া করে জিতেছিল ভারত।





