আর্জেন্টিনাকে ভয় পাচ্ছে না অস্ট্রিয়া

সংগৃহীত ছবি
গ্রুপে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দারুণ ফর্মে থাকা লিওনেল মেসিদের ভয় পাওয়াটাই কি স্বাভাবিক নয়? অস্ট্রিয়া অবশ্য একেবারেই এমনটা ভাবছে না। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রিয়া স্ট্রাইকার সাসা কালাইচিচ জানালেন, আর্জেন্টিনাসহ গ্রুপের কোনো প্রতিপক্ষকেই ভয় পান না তারা।
২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া। এসেই তারা পড়েছে আর্জেন্টিনার গ্রুপে। সেখানে আছে আলজেরিয়া ও প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা জর্ডান। গ্রুপ রানার্সআপ হয়ে কি পরের রাউন্ডে যেতে পারবে ইউরোপের দেশটি, প্রশ্ন উঠেছে এমনটাই।
কালাইচিচ অবশ্য সাফ জানিয়ে দিলেন, পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে আশাবাদী তারা, ‘আমি মনে করি না কোনো প্রতিপক্ষকে আমাদের ভয় পাওয়া উচিত। বিশেষ করে এই দল নিয়ে। আমাদের দলে কিছু অবিশ্বাস্য ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর মেধাবী খেলোয়াড় আছে। একতা, দলীয় চেতনা, দৃঢ়তা আমাদের সবচেয়ে বড় শক্তি।‘
অস্ট্রিয়া এবারের বিশ্বকাপে ভালো কিছু করবেই বলেই ধারণা কালাইচিচের, ‘অস্ট্রিয়া আগ্রাসী ঘরানার ফুটবল খেলে এবং সেটা খেলার মতো উপযুক্ত খেলোয়াড় আছে আমাদের। আপনি যখন নিবেদন নিয়ে খেলবেন, সেটা প্রতিপক্ষের জন্য পরিস্থিতি কঠিন করে তুলবে। আমরা আসলেই খেলোয়াড়, কোচ, স্টাফ ও সমর্থকদের নিয়ে খুব ঘনিষ্ঠ একটি দল; পুরো দেশটাই তাই।‘
গত ছয় আসরে বাছাই পেরুতে পারেনি অস্ট্রিয়া। এবার তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই মূল পর্বে পা রেখেছে। ব্যর্থতার সেই বেড়াজাল এবার ছিঁড়তে পারায় বড় কিছুর স্বপ্ন দেখছেন কালাইচিচ, ‘এটা এক ঐক্যবদ্ধ শক্তি এবং দলের সবাই অবিশ্বাস্য কাজ করেছে। তারা বাছাইয়ে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, দীর্ঘদিন যা হয়নি। আপনি এখন সারা দেশের সেই উচ্ছ্বাস অনুভব করতে পারবেন এবং অস্ট্রিয়ার প্রতিনিধিত্ব করতে পেরে প্রত্যেকেই অবিশ্বাস্যভাবে গর্বিত।‘
১৩ জুন জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রিয়া।




