ব্যালন ডি’ অর নিয়ে আত্মবিশ্বাসী এমবাপ্পে

সংগৃহীত ছবি
ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হিসেবে নিজের নাম আলোচনায় আসাকে স্বাভাবিক বলেই মনে করছেন কিলিয়ান এমবাপ্পে। ইন্টার মিলানের বিপক্ষে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফরাসি অধিনায়ক ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনার কথা জানিয়েছেন।
উচ্চ প্রত্যাশার সঙ্গে মানিয়ে নিতে পছন্দ করেন এমবাপ্পে। এবার ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়েও আত্মবিশ্বাসী এই ফরাসি ফরোয়ার্ড, ‘অবশ্যই, এই গ্রীষ্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় আমি অনেক ইতিহাস গড়েছি। তবে দেখা যাক কী হয়। আমার মনে হচ্ছে ব্যালন ডি’অরের জন্য এটি ভালো একটি বছর হতে পারে। তবে এখনো অনেক সময় বাকি। বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে যাকে মনে হবে মানুষ তাকেই ভোট দেবেন।’
বিশ্বকাপে তার পরিসংখ্যানও সেই আত্মবিশ্বাসের বড় কারণ। ফ্রান্স চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করলেও ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা এখন ২২। একইসঙ্গে তিনি টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। এমন সাফল্যের পর ব্যালন ডি’অরের দৌড়ে তার অবস্থানও আরও শক্ত হয়েছে।
২৭ বছর বয়সী এমবাপ্পের বিশ্বাস রিয়াল মাদ্রিদের মতো ক্লাব তাকে ক্যারিয়ারের অধরা ব্যালন ডি’অর জয়ের জন্য ভালো সুযোগ করে দিচ্ছে, ‘আপনি যখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন, যেটি বিশ্বের সেরা ক্লাব, তখন স্বাভাবিকভাবেই মানুষ আপনাকে এ ধরনের পুরস্কারের সঙ্গে যুক্ত করবে। রাস্তায় অনেক মানুষ আমাকে দেখলে ব্যালন ডি’অর নিয়ে কথা বলেন। অনেকেই আমাকে সম্ভাব্য ব্যালন ডি’অর বিজয়ী হিসেবে দেখেন।’





