নতুন প্রতিভা
বার্সেলোনার নজরে থাকা কে এই ইয়াসির জাবিরি

বার্সেলোনার ফুটবলে ফুটবলার স্কাউটিং এবং নতুন প্রতিভা খোঁজার ধারায় এসেছে এক বড় পরিবর্তন। ক্রীড়া পরিচালক জোয়াও আমারালের নেতৃত্বে অ্যাকাডেমি লা মাসিয়ার বাইরেও বিশ্বজুড়ে উদীয়মান তরুণ ফুটবলারদের দলে ভেড়ানোর মিশনে নেমেছে ক্লাবটি। সেই ধারাবাহিকতায় তাদের নজর এখন ফরাসি ক্লাব রেন থেকে ধারে স্প্যানিশ ক্লাব রেসিং সান্তান্দেরে আসা তরুণ মরোক্কান ফরোয়ার্ড ইয়াসির জাবিরির ওপর।
চলতি মৌসুমে রেসিং সান্তান্দেরের হয়ে স্প্যানিশ লিগে দুর্দান্ত সূচনা করেছেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ১০ ম্যাচে ইতিমধ্যেই ৮টি গোল করে নিজের জাত চিনিয়েছেন। জাবিরির এমন নজরকাড়া পারফরম্যান্স ও বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে কথা বলেছেন তার সাবেক কোচ মিমউন মোখতারি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জাবিরির সাবেক এই কোচ তরুণ এই স্ট্রাইকারকে কিলিয়ান এমবাপ্পে এবং লামিনে ইয়ামালের মতো তারকাদের সঙ্গে তুলনা করেছেন।
মোখতারি জানান, জাবিরির প্রতি বার্সেলোনার আগ্রহের কথা শুনে তিনি মোটেই অবাক হননি। তার ভাষায়, ‘বার্সেলোনার আগ্রহের খবরগুলো আমি পড়েছি এবং সত্যি বলতে এটি আমাকে মোটেও অবাক করেনি। স্প্যানিশ লিগে জাবিরি যে পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে, পরিসংখ্যান এবং কিছু বিশেষ কৌশলের দিক দিয়ে সেটা কিলিয়ান এমবাপ্পে বা লামিনে ইয়ামালের মতো ফুটবলারদের কাছাকাছি পর্যায়ের। মাঠে তার পারফরম্যান্সের পরিসংখ্যানই সব কথা বলে দেয়।’জাবিরির ডি-বক্সের ভেতরের ফিনিশিং দক্ষতা এবং ফুটবল বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করে মোখতারি আরও যোগ করেন, ‘জাবিরি অত্যন্ত পরিশ্রমী একজন ফুটবলার, যে মাঠে নিজের সবটুকু উজাড় করে দেয়। সব স্ট্রাইকারের মাঝে এই বিশেষ প্রতিভা থাকে না। সে যখন পেনাল্টি বক্সে প্রবেশ করে, তখন ১০টি সুযোগের মধ্যে ৯টিই গোলে রূপান্তর করার ক্ষমতা রাখে। সে খুব ভালো করেই জানে প্রতিপক্ষের ডিফেন্ডারদের পেছনে কীভাবে জায়গা তৈরি করতে হয় এবং বলের জন্য কীভাবে ছুটতে হয়। পরিস্থিতি তৈরির আগেই সে তা বুঝতে পারে।’
বার্সেলোনায় বর্তমানে ব্রাজিলের রাফিনিয়া নম্বর নাইন হিসেবে নিয়মিত গোল পেলেও তিনি মূল ধারার সেন্ট্রাল স্ট্রাইকার নন। অন্যদিকে গ্যাব্রিয়েল জেসুসের খেলার ধরণ ভিন্ন। এমন পরিস্থিতিতে প্রতিপক্ষের রক্ষণের ফাঁকফোকর কাজে লাগাতে জাবিরির মতো একজন বুদ্ধিমান ও সুযোগসন্ধানী তরুণ স্ট্রাইকার হান্সি ফ্লিকের আক্রমণভাগে এক দুর্দান্ত সংযোজন হতে পারে। এর আগে নিজেও একাধিকবার বার্সেলোনায় খেলার স্বপ্নের কথা প্রকাশ্যে বলেছেন জাবিরি, যা আগামী দলবদলগুলোতে তাকে ক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য বানিয়ে তুলতে পারে।






