হ্যারি কেইন
ব্যালন ডি’অরের বিনিময়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে রাজি

সদ্যই ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জয় করেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। কিন্তু ব্যক্তিগত এমন পরম অর্জনের চেয়েও দলীয় ট্রফিকেই যে তিনি শীর্ষে রাখেন। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে কেইন জানান, দলগত সাফল্য ফুটবলারের ক্যারিয়ারে সবচেয়ে বড় বিষয় এবং তিনি ব্যালন ডি’অরও বদলে হলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান।
বায়ার্ন মিউনিখের হয়ে ১৬০ ম্যাচে ১৫৬টি গোল করা এই ইংলিশ অধিনায়ক বলেন, ‘ফুটবলে দলগত ট্রফিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ব্যালন ডি’অর জেতা আমার জীবনের সেরা অনুভূতিগুলোর একটি এবং সেটি ছিল অত্যন্ত বিশেষ একটি রাত। কিন্তু বায়ার্নের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উঁচিয়ে ধরা হবে এক অবিশ্বাস্য অর্জন। সত্যি বলতে, সুযোগ থাকলে আমি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির জন্য আমার ব্যালন ডি’অর বদলে দিতেও রাজি আছি। তবে সবচেয়ে ভালো হয় যদি দুটোই আমার অর্জনে থাকে।’ বিশ্বের সব ফুটবলারেরই স্প্যানিশ লিগে খেলার ইচ্ছা থাকে। কেইনও তার ব্যতিক্রম নন। ইংলিশ তারকা বলেছেন, ‘ছোটবেলায় স্প্যানিশ জাতীয় দলের খেলা আমাকে সবসময় মুগ্ধ করত, বিশেষ করে যখন তারা টানা ইউরো ও বিশ্বকাপ জিতেছিল। পাশাপাশি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলা মেসি এবং রোনালদোর মতো মহাতারকাদের দেখে বড় হয়েছি। স্প্যানিশ ফুটবল সবসময়ই উচ্চমানের। অতীতে সুযোগ পেলে অবশ্যই লা লিগায় খেলতে পছন্দ করতাম, কিন্তু সেই সম্ভাবনা তৈরি হয়নি। প্রতিটি পথেরই একটি গন্তব্য থাকে। বায়ার্ন মিউনিখে আমার এই যাত্রা ভীষণ সফল ও আনন্দদায়ক। বর্তমানে এই ক্লাবে আমি অত্যন্ত সুখী।’ রিয়াল মাদ্রিদের কোচ এখন হোসে মরিনহো। টটেনহ্যাম হটস্পারে খেলার সময় দ্য স্পেশাল ওয়ানের সংস্পর্শে এসেছিলেন কেইন। সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘ক্যারিয়ারের এমন এক পর্যায়ে ছিলাম যখন মনে হতো আমি ভালো খেলছি, কিন্তু আমার আরও উঁচুতে পৌঁছানোর সামর্থ্য আছে। বায়ার্নকে নিয়মিত ট্রফি জিততে দেখে মনে হয়েছিল আমার খেলার মান আরও বাড়ানো সম্ভব। টটেনহ্যামে থাকার সময় হোসে মরিনহোর সঙ্গে কথাপোকথন আমার সম্ভাবনা উন্মোচনে দারুণ সাহায্য করেছিল। মরিনহো আমার ক্যারিয়ারে অনেক বড় অবদান রেখেছেন এবং তারপর থেকে আমার খেলার ধরনেও কিছুটা পরিবর্তন এসেছে।’
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। নকআউট পর্বের প্লে-অফ এড়িয়ে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে এই ম্যাচে দুই দলের জন্যই জয় অত্যন্ত জরুরি।





