সেন্ট্রাল স্ট্রাইকার
ফ্লিকের নতুন কৌশলে অপ্রতিরোধ্য রাফিনিয়া

পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির বিকল্প হিসেবে আতলেতিকো মাদ্রিদ থেকে হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর জোর চেষ্টা চালিয়েছিল বার্সেলোনা। তবে সেই দলবদল আলোর মুখ না দেখায় বার্সা কোচ হান্সি ফ্লিককে আক্রমণভাগে বিকল্প কৌশল বেছে নিতে হয়। ক্যারিয়ারের বেশিরভাগ সময় উইঙ্গার হিসেবে খেলা ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াকে সেন্ট্রাল স্ট্রাইকার বা নম্বর নাইন পজিশনে খেলানোর সিদ্ধান্ত নেন ফ্লিক। কোচের এই অপ্রত্যাশিত কৌশলই এখন বার্সেলোনার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।
নতুন পজিশনে এসে রীতিমতো উড়ছেন রাফিনিয়া। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ১২ ম্যাচে ১৭টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান। লা লিগায় ১০ ম্যাচে ১৫ গোল নিয়ে বর্তমানে তিনিই লিগের সর্বোচ্চ গোলদাতা। সর্বশেষ গত উইকেন্ডে আলাভেসের বিপক্ষে বার্সেলোনার ৬-১ ব্যবধানের দুর্দান্ত জয়ে করেছেন জোড়া গোল। রাফিনিয়ার এমন অবিশ্বাস্য পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সোমবার সংবাদ সম্মেলনে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হন বার্সা কোচ হ্যানসি ফ্লিক। ফ্লিক বলেন, ‘রাফিনিয়া এখন দর্শনীয় ও অসাধারণ এক পর্যায়ে খেলা উপহার দিচ্ছে। অবশ্যই তার শক্তির জায়গা ও বৈশিষ্ট্যগুলো আমাদের খেলার কৌশলের সঙ্গে চমৎকারভাবে মিলে যায়। ও আক্রমণের জন্য মাঠে সব সময়ই ফাঁকা জায়গা খুঁজে নেয়। আর আমাদের দলেও এমন খেলোয়াড় আছে যারা ফাইনাল পাসগুলো দিতে পারে। সে ভীষণ মনোযোগী। সে আমাদের অধিনায়ক এবং দলের জন্য নিজের মান প্রদর্শন করছে, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা আজ মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার। উনাই এমেরির অধীনে শতভাগ সাফল্যের রেকর্ড নিয়ে ভিলার সংগ্রহ এখন ৯ পয়েন্ট। অন্যদিকে পিএসজির কাছে আগের রাউন্ডে হেরে যাওয়ার পর বার্সেলোনার ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট।
প্রতিপক্ষ কোচ উনাই এমেরি ও অ্যাস্টন ভিলাকে নিয়ে সতর্কবার্তা জানিয়ে ফ্লিক বলেন, ‘আমার মতে উনাই এমেরি বিশ্বের অন্যতম সেরা ও সফল একজন কোচ। তার দল যেভাবে খেলে, তাতেই একটি স্পষ্ট কাঠামোর রূপ দেখা যায়। বিশেষ করে তারা যেভাবে সেট পিসগুলো নেয় এবং তাদের আত্মবিশ্বাস যেভাবে স্পষ্ট হয়ে ওঠে, তা অবিশ্বাস্য। একটি চমৎকার দল ও একজন দূরদর্শী কোচের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত কঠিন হতে যাচ্ছে।’




