মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ বেনিন কেমন দল
- সেরা সাফল্য ২০১৯ আফ্রিকান নেশনস কাপের কোয়ার্টার ফাইনাল খেলা
- পিএসজি’র মেসির বিপক্ষে খেলেছেন বেনিন অধিনায়ক স্টিভ মুনে
- জার্মান কোচ গের্নট রোর অভিজ্ঞতা আছে আর্জেন্টিনা ম্যাচের

আর্জেন্টিনার জাতীয় পতাকায় মাঝখানে সূর্য্যের যে হাসিমুখ, ৬ অক্টোবরের পর সেই সূর্য হয়তো আর থাকবে না। কারণ আর্জেন্টিনার ফুটবলে যে সেদিনই সূর্যাস্ত। লিওনেল মেসি এই তারিখেই আর্জেন্টিনার জার্সি গায়ে শেষবারের মত মাঠে নামবেন। মনুমেন্তাল স্টেডিয়ামে মেসির বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ বেনিন, যে ম্যাচের টিকেট ফুরিয়ে গেছে ৯০ মিনিটেই।
আগস্টের ৩১ তারিখে মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ঘোষণার মাধ্যমে জানিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার কথা। এরপর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়া তাকে রাজি করান ঘরের মাঠে শেষ একটা ম্যাচ খেলে জার্সিটা তুলে রাখার জন্য। সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা’র আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলবে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে, এমনটাই ঠিক হয়েছিল আগে থেকেই।
গত বছর এফকন টুর্নামেন্টের বেনিন দল
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচটা কর্দোভায়, বলিভিয়ার বিপক্ষে। এরপর বুয়েনস এইরেসে দুটো ম্যাচ, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে। কোচ লিওনেল স্কালোনির সঙ্গে কথা বলে বেনিনের বিপক্ষে ম্যাচটা খেলতেই রাজি হয়েছেন মেসি। জীবনের শেষ ইনিংসে ব্যাট করতে নামা স্যার ডন ব্র্যাডম্যানকে শুন্য রানে বোল্ড করে ইতিহাসের অংশ হয়ে গেছেন ইংল্যান্ডের অনামী স্পিনার এরিক হলিস। এভাবেই মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের প্রতিপক্ষ হিসেবে ইতিহাসের পাতায় ঢুকে যাবে বেনিন, যে দলটা কখনো বিশ্বকাপ খেলেনি। আফ্রিকান নেশনস কাপেও তাদের বড় কোন অর্জন নেই। আগে ৬০টা দলের বিপক্ষে খেলা হয়েছে মেসির; বেনিনের বিপক্ষে খেললে তারা হবে মেসির ৬১তম এবং শেষ প্রতিপক্ষ।
এই মুহূর্তে বেনিনের ফিফা র্যাংকিং ৯১। আর্জেন্টিনা আছে দুইয়ে। আফ্রিকা মহাদেশের দল বেনিন কখনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে তারা গ্রুপে তৃতীয় হয়েছিল, পেছনে ছিল দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ার। ১০ ম্যাচের ৫টিতে জিতে নাইজেরিয়ার সমান ১৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে অনেক পিছিয়ে থাকায় তারা মহাদেশীয় প্লে-অফের জন্য বিবেচনায় আসতে পারেনি।
দলটির কোচ একজন জার্মান, গের্নট রোর। সত্তরের দশকে কিছুদিন বায়ার্ন মিউনিখে খেলা এই ডিফেন্ডার ক্যারিয়ারের লম্বা সময় খেলেছেন এবং কোচিং করিয়েছেন ফরাসি ক্লাব বোর্দোতে। আফ্রিকার বেশ কিছু দলকে কোচিং করিয়েছেন রোর, সেরা সাফল্য নাইজেরিয়াকে নিয়ে ২০১৯ সালের আফ্রিকান নেশনস কাপে তৃতীয় হওয়া। ২০১৮ বিশ্বকাপে নাইজেরিয়া দলের কোচও ছিলেন তিনি, সেবার গ্রুপ পর্বে আর্জেন্টিনার সঙ্গে দেখা হয়েছিল সুপার ইগলদের। তাই বলা যায়, মেসি একেবারে অপরিচিত নন বেনিনের কোচের কাছে।
বেনিনের অধিনায়ক স্টিভ মুনে
বেনিনের এখন পর্যন্ত ফুটবলে সবচেয়ে বড় সাফল্য ২০১৯ সালের আফ্রিকান নেশনস কাপের কোয়ার্টার ফাইনাল খেলা। সেবার তারা পেনাল্টিতে হারিয়ে বিদায় করে দিয়েছিল আসরের অন্যতম ফেভারিট মরোক্কোকে। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের জাতীয় ফুটবল দলের বেশিরভাগ খেলোয়াড়ই খেলেন ইউরোপের বিভিন্ন লিগে। তুর্কি লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, ফ্রেঞ্চ লিগ ওয়ান, ফিনল্যান্ড লিগ, পর্তুগিজ লিগ সহ বিভিন্ন দেশের লিগেই খেলছেন তারা। বেনিনের অধিনায়ক স্টিভ মুনে এখন তুর্কি লিগের দল আলায়ানাসপোরের হয়ে খেললেও ক্যারিয়ারের লম্বা সময় খেলেছেন ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল ব্রেস্ত ও অগসবার্গের হয়ে। ক্যারিয়ারে ৩ বার পিএসজিতে খেলা মেসির বিপক্ষে মাঠে নেমেছিলেন এই স্ট্রাইকার।
রোরের অধীনে বেনিন সাধারণত ৪-৩-৩ বা ৪-২-৩-১ ছকেই বেশি খেলে। তারা সুশৃংখল, কাঠামোবদ্ধ, শারিরীক ভাবে আগ্রাসী দ্রুত গতির ফুটবল খেলতে চেষ্টা করে। জমাট রক্ষণ, দ্রুতগতির কাউন্টার অ্যাটাক আর স্টিভ মুনের লক্ষ্যভেদের সামর্থ্যের উপরই বেশি নির্ভর করে বেনিন।
মনুমেন্তাল স্টেডিয়ামে, মেসির বিদায়ী ম্যাচে ৮৫হাজার দর্শকের ভেতর নিঃসন্দেহে বেনিনের সমর্থক থাকবেন না ৫ জনও। সবাই চাইবে মেসি যেন জয় নিয়েই মাঠ ছাড়ে। তবে আবেগের বিস্ফোরণের এই ম্যাচে বেনিন একেবারে সহজ কোন প্রতিপক্ষ যে হবে না, সেটা নিশ্চিত।





