বাংলাদেশের মাটিতে প্রথমবার ভিএআর, অভিষেকেই দুইবার সুবিধা পেল ভুটান

ছবি: আগামীর সময়
বাংলাদেশের ফুটবলে যুক্ত হলো নতুন প্রযুক্তির ছোঁয়া। দেশের মাটিতে প্রথমবারের মতো ব্যবহার হলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভারত-ভুটান ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে প্রযুক্তিটির। আর প্রথম ম্যাচেই দুইবার ভিএআরের সুবিধা পেয়েছে ভুটান।
ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে ছিল ভুটান। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নেমে ৪৮তম মিনিটে একটি গোলও পায় তারা। চেঞ্চো জিয়েলশেনের ক্রসে হেড করে বল জালে পাঠান কিনজ্যাং তাশি তোবডেন। তবে সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলায় গোলটি বাতিল করেন মাঠের রেফারি।
এরপরই সাফের ইতিহাসে প্রথমবার গোলের সিদ্ধান্ত পর্যালোচনায় ব্যবহার করা হয় ভিএআর। ঢাকার মাঠে খেলা চললেও ভিডিও পর্যালোচনার কাজ হচ্ছিল থাইল্যান্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে। সেখান থেকে পাওয়া ফুটেজে দেখা যায় চেঞ্চোর পাসের সময় অনসাইডে ছিলেন তোবডেন। ফলে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে গোলের ঘোষণা দেন রেফারি। ব্যবধান কমিয়ে ২-১ করে ভুটান।
ভিএআরের সহায়তা পেয়ে দ্বিতীয়বারও স্বস্তি মেলে ভুটানের। ৬৪তম মিনিটে তাদের এক খেলোয়াড়ের হাতে বল লাগার অভিযোগে ভারতের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। তবে ভিডিও পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত বাতিল করেন তিনি। ফলে ব্যবধান বাড়ানোর সুযোগ হারায় ভারত।
এর আগে ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য ছিল ভারতের। নবম মিনিটে ভুটানের রক্ষণ ভেঙে গোল করেন বিষ্ণু পুথিয়া ভালাপ্পিল। ২৭তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভারতীয় অধিনায়ক চিংলেনসানা সিং। দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ভুটান।
দ্বিতীয়ার্ধে গোল পাওয়ার পর আক্রমণে আরও মরিয়া হয়ে ওঠে ভুটান। ৫৩তম মিনিটে সমতায় ফেরার সুযোগও তৈরি করেছিল তারা। তবে চেঞ্চোর জোরালো শট ফিরিয়ে দেন ভারতের গোলরক্ষক আরশ আনোয়ার শেখ।
দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় এবারই প্রথম সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর প্রযুক্তি ব্যবহার করছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। তবে প্রচলিত ব্যবস্থার মতো স্টেডিয়ামের ভেতরে কোনো ভিএআর কক্ষ রাখা হয়নি। ব্যবহার করা হচ্ছে আধুনিক রিমোট ভিএআর পদ্ধতি। ঢাকার জাতীয় স্টেডিয়ামের ক্যামেরায় ধারণ করা সরাসরি ভিডিও ফুটেজ পাঠানো হচ্ছে থাইল্যান্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে। সেখানে ভিডিও ম্যাচ কর্মকর্তারা ফুটেজ বিশ্লেষণ করে মাঠের রেফারিকে প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন। সেই তথ্যের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন রেফারি।
বাংলাদেশের মাটিতে ভিএআরের প্রথম ব্যবহারেই দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বদলে গেছে। আর দুই ক্ষেত্রেই শেষ পর্যন্ত স্বস্তি ফিরেছে ভুটানের শিবিরে।



