আবাহনীর ইতিহাসের সাক্ষী মহেন্দ্র পালা আর নেই

বাঁ থেকে মহেন্দ্র পালা, আশরাফউদ্দিন চুন্নু ও লায়নল পিরিচ
বাংলাদেশের ফুটবলে শ্রীলঙ্কান ফুটবলারদের আগমনের পথটা তৈরি হয়েছিল যাদের হাত ধরে, মহেন্দ্র পালা ছিলেন তাদের অন্যতম। ১৯৭৭ সালে আবাহনী লিমিটেডের অপরাজিত লিগ জয়ের ঐতিহাসিক দলের সদস্য ছিলেন এই স্ট্রাইকার। সেই স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা মহেন্দ্র পালা আর নেই। শুক্রবার সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় নিজ বাসায় স্ট্রোক করে মারা গেছেন তিনি।
মহেন্দ্র পালার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দুই দেশের ফুটবল অঙ্গনে। তার প্রয়াণের খবর শুনে পুরোনো দিনের স্মৃতিতে ফিরে গেছেন একসময় আবাহনীতে তার সতীর্থ হিসেবে খেলা বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার আশরাফউদ্দিন চুন্নু।
১৯৭৭ ও ১৯৭৮ সালে আবাহনীর জার্সিতে খেলেছেন মহেন্দ্র পালা। তবে পায়ের চোটের কারণে ক্যারিয়ারটা আর দীর্ঘ করতে পারেননি। তার খেলার স্মৃতি মনে করে চুন্নু বলেন, ‘মহেন্দ্র পালা একজন কোয়ালিটি ফুটবলার ছিলেন। খুব ভালো খেলতেন। স্ট্রাইকার হিসেবে আবাহনীর হয়ে খেলেছেন। প্রথম পর্বে মোহামেডানের বিপক্ষে নেমেই গোল পেয়েছিলেন তিনি। তবে সুপার লিগে বিদেশি ফুটবলার খেলানোর নিয়ম না থাকায় মহেন্দ্র পালা ও লাইলন পিরিচ আর খেলতে পারেননি।’
সাবেক সতীর্থের মৃত্যুর খবর তাকে ব্যথিত করেছে জানিয়ে চুন্নু বলেন, ‘আজ সকালে তার মৃত্যুর খবর শুনলাম। শুনে খুব খারাপ লাগছে। সেই সময়ের দিনগুলোর কথা আবার নতুন করে মনে পড়ছে।’
মহেন্দ্র পালা ও লাইলন পিরিচের হাত ধরেই মূলত বাংলাদেশের ফুটবলে শ্রীলঙ্কান খেলোয়াড়দের যাত্রা শুরু। তাদের পর আশির দশকের শুরুতে ঢাকায় পা রাখেন পাকির আলী। আবাহনীর হয়ে দীর্ঘদিন খেলা এই সাবেক ডিফেন্ডারও হারিয়েছেন নিজের দেশের ফুটবলের এক কিংবদন্তিকে।
বাংলাদেশে শ্রীলঙ্কান ফুটবলারদের পথচলা, আবাহনীর সোনালি সময় এবং ১৯৭৭ সালের অপরাজিত লিগ জয়ের স্মৃতিতে অমলিন হয়ে থাকবেন মহেন্দ্র পালা। তার বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবলের একটি ঐতিহাসিক অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ এক চরিত্রকে হারাল দুই দেশের ফুটবল।



