বাড়ির দেয়ালে এঁকেছেন মেসির ছবি
আর্জেন্টিনার পতাকার রঙের গাড়ি কিনলেন এক ব্রাজিলিয়ান!

সংগৃহীত ছবি
১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে স্তাদে দ্য ফ্রান্সে হট ফেভারিটই ছিল ব্রাজিল। রোনালদো, রিভালদো, বেবেতো, দুঙ্গাদের দল নিয়ে শিরোপার স্বপ্ন দেখছিলেন ব্রাজিলিয়ানরা। সেই স্বপ্ন ভেঙে চুরমার। ফাইনালে ফ্রান্স তাদের হারায় ৩-০ গোলে।
এই হারের ক্ষত গভীর দাগ কাটে এক ব্রাজিলিয়ান সমর্থকের হৃদয়ে। দলের হারটা মানতেই পারছিলেন না সাও পাওলোর তওবাতে এলাকায় চিত্রশিল্পী ফ্ল্যাভিয়ানো বেনেদিতো। এরপর থেকে তিনি হয়ে যান চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থক! শুধু মুখের কথায় নয়, আর্জেন্টিনার প্রতি ভালোবাসা দেখাতে মেসিদের ২০টির বেশি জার্সি সংগ্রহ করেছেন তিনি।
এবারের বিশ্বকাপের আগে সেই সমর্থন পেয়েছে ভিন্ন মাত্রা। আর্জেন্টাইন জাতীয় দলের জার্সির সঙ্গে মিলিয়ে নীল-সাদা রঙের একটি গাড়ি কিনেছেন তিনি। শুধু তাই নয় নিজের বাড়ির দেয়ালে এঁকেছেন লিওনেল মেসির ছবি।
বিশ্বকাপের উন্মাদনায় যখন ব্রাজিল জুড়ে ঘরবাড়ি ও দোকানপাটে যখন সবুজ আর হলুদ রঙের সাজসজ্জা, তখন সাও পাওলোর সেই আর্জেন্টাইন ভক্তের কাছে রঙ মানেই নীল-সাদা! তার বাড়ি, গাড়ি সবখানেই আর্জেন্টিনা জাতীয় দলের রঙ। এমনকি তার শরীরেও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের লোগোর ট্যাটু!
ফ্ল্যাভিয়ানো এ নিয়ে ‘গ্লোবো’কে বলেছেন, ‘আমার কাছে আর্জেন্টিনা জাতীয় দলের ২০টিরও বেশি জার্সি আছে।
আর্জেন্টাইন খেলোয়াড়দের দিয়ে তৈরি একটি অ্যালবামও আছে। কিছুদিন আগে আমার গাড়িটি বদলে ১৯৬২ মডেলের একটি গাড়ি নিয়েছি, যেটি পুরোপুরি নীল-সাদা রঙের। এটা করেছি কেবল আর্জেন্টিনার প্রতি ভালোবাসায়।’




