গোলের জন্যই জন্ম লুকাকুর

বিশ্বকাপ অনিশ্চিত ছিল রোমেলু লুকাকুর। চোটের জন্য মৌসুমের প্রায় পুরোটাই ছিলেন মাঠের বাইরে। নাপোলির হয়ে খেলেছেন শুধু সাত ম্যাচ, গোল একটি। এমন একজনকে বিশ্বকাপের মতো মঞ্চে নিয়ে যাওয়া ঝুঁকির। সেই ঝুঁকিটাই নিয়েছেন কোচ রুদি গার্সিয়া। তার আস্থার প্রতিদান লুকাকু দিলেন প্রথম প্রস্তুতি ম্যাচে।
গত মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি নেমে গোল পেয়েছেন লুকাকু। তার ইনজুরি টাইমের গোলে ক্রোয়েশিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে বেলজিয়াম। এটি জাতীয় দলের হয়ে ১২৫ ম্যাচে লুকাকুর রেকর্ড ৯০তম গোল।
৭৩ মিনিটে বদলি হিসেবে নেমে নিজেকে প্রমাণ করেছেন তিনি। ২০১৭ সালের পর এবারই প্রথম লুকাকু গোল করলেন বদলি নেমে। ৩৮তম মিনিটে দলকে লিড এনে দিয়েছিলেন অধিনায়ক ইউরি টিলেমান্স। দুই দলের একটি করে প্রচেষ্টা নষ্ট হয় পোস্টে লেগে।
ম্যাচ শেষে লুকাকুর প্রশংসায় কোচ গার্সিয়া বললেন, ‘তার জন্মই গোল করার জন্য। বদলি নেমে দুটি সুযোগের একটি কাজে লাগিয়েছে সে।’ লুকাকুর বয়স ছাড়িয়ে গেছে ৩৩ বছর। ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা এই তারকা এখন আন্তর্জাতিক ফুটবলের পঞ্চম সর্বোচ্চ গোলদাতা। ১৪৩ গোল নিয়ে শীর্ষে ক্রিস্তিয়ানো রোনালদো।




