‘লা স্কালোনেতা’য় চড়েছে বাংলাদেশও!

আর্জেন্টিনার লা স্কালোনেতা সেই সীমানাও অতিক্রম করেছে। এই দল শুধু ট্রফি জেতেনি, তারা পৌঁছে গেছে মানুষের হৃদয়ে।
একটি দল কত দূর যেতে পারে? বিশ্বকাপ জেতা পর্যন্ত? মহাদেশ জয় পর্যন্ত? নাকি ইতিহাসের পাতায় নিজের নাম লিখে রাখা পর্যন্ত?
আর্জেন্টিনার লা স্কালোনেতা সেই সীমানাও অতিক্রম করেছে। এই দল শুধু ট্রফি জেতেনি, তারা পৌঁছে গেছে মানুষের হৃদয়ে। এমন সব জায়গায়, যেখানে আর্জেন্টিনা কোনোদিন খেলতেও যায়নি। এমন সব মানুষের কাছে, যাদের মাতৃভাষা স্প্যানিশ নয়। তবু তাদের চোখে জল আসে লিওনেল মেসির কান্না দেখে।
হাজার হাজার কিলোমিটার দূরের আমাদের বাংলাদেশ সেই গল্পের সবচেয়ে বিস্ময়কর অধ্যায়গুলোর একটি। বিশ্বকাপ এলেই ঢাকার ছাদ থেকে গ্রামের মেঠোপথ— সবখানে উড়তে থাকে আকাশি-সাদা পতাকা। রাতভর জেগে খেলা দেখা, রাস্তায় বিজয় মিছিল, প্রিয় দলের জন্য নিঃস্বার্থ উন্মাদনা। সব মিলিয়ে বাংলাদেশ যেন হয়ে ওঠে আর্জেন্টিনার আরেকটি ঠিকানা।
এই দৃশ্য আর্জেন্টিনার মানুষও ভুলে যায়নি। সে কারণেই আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘ওলে’ যখন লা স্কালোনেতার স্বর্ণযুগকে স্মরণীয় করে রাখতে ‘আমোর আ লা স্কালোনেতা’ বইটি প্রকাশ করল, তখন তারা শুধু বুয়েনস এইরেস বা আর্জেন্টিনার গল্প বলেনি। বইটিতে জায়গা পেয়েছে টাইমস স্কয়ার, কাসেরোসের টানেল, আর্জেন্টিনার শহরগুলো; এমনকি বাংলাদেশের কথাও।
এটি বিশাল স্বীকৃতি। এই স্বীকৃতি সেই ভালোবাসার, যা কোনো ভাষা, কোনো মহাদেশ কিংবা কোনো সীমান্তের মধ্যে আটকে থাকে না। ওলের ভাষায়, লা স্কালোনেতা এমন এক উন্মাদনা তৈরি করেছে, যা ছড়িয়ে পড়েছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আর সেই বিশ্বব্যাপী আবেগের অন্যতম প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশ।




