পটুয়াখালী
নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

আবু বক্কর মৃধা (৬৫) নামে এক বৃদ্ধের কাদামাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গ্রাফিকস: আগামীর সময়
পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর আবু বক্কর মৃধা (৬৫) নামে এক বৃদ্ধের কাদামাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের দক্ষিণ রণগোপালদী গ্রামের একটি পরিত্যক্ত ভিটার বীজতলার পাশ থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
নিহত আবু বক্কর মৃধা ওই গ্রামের মৃত আতাহার মৃধার ছেলে।
পরিবারের ভাষ্য, বুধবার দুপুরে খাবার খেয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। রাতে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পাশের পরিত্যক্ত ভিটার বীজতলার পাশে কাদামাখা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে জানান এলাকাবাসীকে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আবু বক্কর মৃধার বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
নিহতের ছেলে মো. তারিকুল ইসলাম জানান, বাবা নিখোঁজ হওয়ার পর রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের পরিত্যক্ত ভিটায় বাবার মরদেহ পড়ে থাকার খবর পান।
দশমিনা থানার ওসি মো. আতিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর প্রকৃত কারণ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।




