কাফরুলে গুলিবিদ্ধ বিএনপিকর্মী নিহত, আহত ২

ফাইল ছবি
রাজধানীর কাফরুল থানা এলাকার ওপেক্স গার্মেন্টসের সামনে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে আহত বিএনপিকর্মী ইউসুফ আলী (৪৫) মারা গেছেন। এ ঘটনায় থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমানসহ আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের চিকিৎসা চলছে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ইউসুফ আলী।
আহতদের মধ্যে একজন কাফরুল থানা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমান। অন্যজন পথচারী বলে জানা গেছে।
মিরপুর ১৩ নম্বর এলাকার বাসিন্দা ও বিএনপি কর্মী মো. সুজন আগামীর সময়কে বলেন, ‘রাত সাড়ে ১১টার সময় এলাকায় হাফিজ ভাইসহ আমরা ৭-৮ জন আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ৩ অস্ত্রধারী আমাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। হাফিজ ভাইয়ের শরীরে ২টি গুলি লাগে, আর আমাদের ইউসুফের বুকে একটি গুলি লেগেছে।’
সুজন জানান, গুলি করে পালিয়ে যাওয়ার সময় অস্ত্রধারীদের একজনকে প্রত্যক্ষদর্শীরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বলেছেন, ‘গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।’





